নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৫, ০৩:১০ পিএম
সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া। তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু।
শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেনের পাঠানো বার্তায় দেশবাসীর কাছে এ দোয়া প্রার্থনা করা হয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।
এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের সংকটাপন্ন অবস্থার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চান।
প্রধান উপদেষ্টা জানান, তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা দিয়েছেন। বিএনপি চেয়ারপারসের চিকিৎসায় সরকার সবধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান।
গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি জন ৮০ বছর বয়সি খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা সিসিইউতে তার চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।
এদিকে মায়ের অসুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।
শনিবার (২৮ নভেম্বর) ফেসবুকে একটি পোস্ট দিয়ে দেশে ফেরা প্রসঙ্গে তারেক রহমান জানান, ‘পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে।’
অন্যদিকে শুক্রবার (২৮ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। এদিন বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে দলের চেয়ারপারসনের জন্য দোয়ার আয়োজন করা হয়।
মেডিকেল বোর্ডের পরামর্শে গত ২৩ নভেম্বর রাতে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করে খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়ে। আগে থেকেই থাকা হৃদরোগের সঙ্গে এই সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বেড়ে যায়।
এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে যান। তারপর থেকেই অবস্থার অবনতি হতে থাকে।
এএইচ