নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৫, ১২:৫২ পিএম
ডেঙ্গু নিয়ন্ত্রণে বাসাবাড়িতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ডিএসসিসির ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান।
মাহমুদুল হাসান বলেন, সিটি কর্পোরেশনের কার্যক্রমে নাগরিকদের সম্পৃক্ততার মাধ্যমে প্রতিটি এলাকার প্রত্যাশা ও পরামর্শ জানা যায়। সে অনুযায়ী পরিকল্পনা করে আমরা ফলপ্রসূ কাজ করছি।
তিনি আরও বলেন, সুন্দর, বাসযোগ্য, পরিচ্ছন্ন ও মশামুক্ত নগর গড়তে বাসাবাড়ি, দোকান ও বিপণিবিতানের বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে সকলের সহযোগিতা প্রয়োজন।

অভিযানে দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের মোট ৯শ’ পরিচ্ছন্নতা ও মশক কর্মীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।
অভিযানের অংশ হিসেবে লেক, ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার করা হয় এবং মশকনিধনে ঔষধ প্রয়োগ করা হয়। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে ধানমন্ডি সোসাইটি ও ধানমন্ডি আবাসিক এলাকা করদাতা সমিতির উদ্যোগে র্যালি ও লিফলেট বিতরণ করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, বিভিন্ন বিভাগের প্রধান কর্মকর্তা ও স্থানীয় সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এএইচ/এএস