নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
নগর উন্নয়নে দীর্ঘদিনের ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা অর্জন করেছে ঢাকা। হংকংয়ের সিআইসি–জিরো কার্বন পার্কে অনুষ্ঠিত এশিয়ান টাউনস্কেপ পুরস্কার অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সম্মান গ্রহণ করেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর দুইটায় এশিয়ান হ্যাবিট্যাট সোসাইটির চেয়ারম্যান প্যাট্রিক লাউ সাউ শিং-এর হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।
এসময় তার সঙ্গে ছিলেন স্থাপত্য প্রতিষ্ঠান ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেডের পরিচালক স্থপতি ইকবাল হাবিব এবং স্থপতি মোঃ ইসতিয়াক জহির।

এ বছর এশিয়ান টাউনস্কেপ পুরস্কার যৌথভাবে আয়োজন করেছে জাতিসংঘ মানববসতি কর্মসূচির এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক দপ্তর, এশিয়ান হ্যাবিট্যাট সোসাইটি, ফুকুওকা এশিয়ান নগর গবেষণা কেন্দ্র এবং এশিয়া টাউনস্কেপ ডিজাইন সোসাইটি। বিশ্বব্যাপী শহুরে পরিবেশ, জনজীবন, নান্দনিকতা ও পরিবেশগত স্থিতিশীলতায় বিশেষ অবদান রাখা মোট বাহাত্তরটি প্রকল্পের মধ্যে সাতটি দেশের এগারোটি প্রকল্পকে এ বছর পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানে স্থাপত্য প্রতিষ্ঠান ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেডের নকশাকৃত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ‘হাতিরঝিল এলাকা ও বেগুনবাড়ি খাল সমন্বিত উন্নয়ন প্রকল্প’ পুরস্কৃত হয়েছে। হাতিরঝিল প্রকল্পটি ‘হ্রদ ও জলাধার উন্নয়ন’ বিভাগে স্বীকৃতি পেয়েছে। এর আগে বাংলাদেশ মোট তিনবার এ পুরস্কার পেলেও ঢাকার কোনো প্রকল্প এই প্রথমবারের মতো পুরস্কৃত হলো।
দীর্ঘদিন ধরে হাতিরঝিল প্রকল্প ঢাকার নগর কাঠামো উন্নয়ন, জনসেবামূলক ব্যবহার, জলাধার পুনরুদ্ধার এবং নগরবাসীর বিনোদন সুবিধা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মডেল হিসেবে বিবেচিত হয়ে আসছে। আন্তর্জাতিক অঙ্গনে এই স্বীকৃতি বাংলাদেশের স্থাপত্য ও নগর উন্নয়ন খাতে এক তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
এএইচ/এআর