images

জাতীয়

রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত ৩

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৫, ১১:২০ এএম

‎রাজধানীর রামপুরায় ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন স্যানিটারি মিস্ত্রী গুরুতর আহত হয়েছে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে যায় স্থানীয়রা।

‎রোববার (১৯ অক্টোবর) সকাল সোয়া ৬টায় পূর্ব রামপুরা কমিশনার গলিতে এ ঘটনা ঘটে।

‎আহতরা হলেন- আমিনুল ইসলাম, মো. রাজন ও মো. আশরাফুল ইসলাম।

‎আহত আমিনুলে বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানায়। রাজনের বাড়ি বরিশাল জেলা গৌরনদী থানায়। আশরাফুলের বাড়ি বরিশাল জেলায়। বর্তমানে, সবাই পূর্ব রামপুরার জামতলা হারুনের ভাড়া বাসায় থাকতেন।

‎তাদের হাসপাতালে নিয়ে আসা রিফাত বলেন, আহত তিনজনই স্যানিটারি মিস্ত্রি। ভোরের দিকে রিকশায় করে যাওয়ার সময় পূর্ব রামপুরা জামতলা কমিশনার গলি এলাকায় ৬-৭ জন ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে। এ সময় তাদের কাছ থেকে টাকা মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মালামাল দিতে না চাইলে আমিনুলের ডান হাতে ছুরিকাঘাত করে ৭ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়। রাজনকে বাম কাঁধে ছুরিকাঘাত করে একটি মোবাইল নিয়ে যায়। আশরাফুলকে বাম কাঁধে ছুরিকাঘাত করে ১১ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়।

‎ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রামপুরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে তিনজন ঢাকা মেডিকেলে এসেছে। তাদের হাতে ও কাঁধে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

‎একেএস/এএস