নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৫, ০২:৩৮ পিএম
জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতরা রাষ্ট্রীয় স্বীকৃতি, যথাযথ চিকিৎসা, পুনর্বাসন ও ন্যায্য অধিকার দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এই দাবিগুলো জানানো হয়।
আন্দোলনকারীরা জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশের ছাত্রসমাজের বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে ঐতিহাসিক গণঅভ্যুত্থান সংঘটিত হয়, তা আজও জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত। চল্লিশ দিনের সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারবিরোধী সরকারের পতন সম্ভব হলেও আন্দোলনের শহীদ ও আহতরা এখনও রাষ্ট্রীয় স্বীকৃতি, যথাযথ চিকিৎসা, পুনর্বাসন এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছেন। এ অবস্থার প্রতিবাদে একটি স্মারকলিপি সরকার বরাবর পেশ করা হয়েছে।
তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও আহতদের সংগ্রাম যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে সরকার অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি ন্যায্যতা প্রদানের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হবে।
আন্দোলনকারীরা আরও দাবি জানিয়েছেন, শহীদ ও আহতদের জন্য রাষ্ট্রের দায়িত্ব থাকা প্রয়োজন। তাদের সম্মান, চিকিৎসা, শিক্ষা, আবাসন ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ইতিহাস ও ন্যায়বিচার রক্ষার জন্য স্বতন্ত্র কমিশন গঠন করে আহত ও শহীদ পরিবারের সাক্ষ্য সংরক্ষণ এবং তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্মুক্ত রাখার আহ্বান জানানো হয়েছে।
তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান যেন প্রতি বছর ‘জুলাই গণতন্ত্র দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হয়। শহীদদের স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণ এবং শিক্ষা পাঠ্যক্রমে আন্দোলনের ইতিহাস অন্তর্ভুক্ত করার মাধ্যমে জাতি যেন তার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারে।
এএইচ/এইউ