Dhaka Mail Logo

জাতীয়

এনজিওগুলো স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পিএম

এনজিওগুলো স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান বলেছেন, তাদের ভালো ভূমিকা রাখার সুযোগ অনেক। দেশের এত বড় জনগোষ্ঠীকে একা সরকারের পক্ষে সেবা দেওয়া সম্ভব নয়। এজন্য এনজিওরা গুরুত্বপূর্ণ সহযোগী হতে পারে। এরই মধ্যে আমরা এর প্রমাণও পেয়েছি। জুলাই মাসে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় এনজিওগুলোর সহায়তা পেয়েছি।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য আয়োজিত চক্ষু শিবির ও ডায়াবেটিস ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল ও লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডসের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।

শহরে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা দুর্বল এ কথা অকপটে স্বীকার করে তিনি বলেন, আমরা শহরে স্বাস্থ্যসেবা দিতে পারি না। অনেক দুর্বল প্রাইমারি হেলথ কেয়ার।

স্বাস্থ্য সচিব বলেন, আমরা গণপূর্তের কাছে কিছু জমি চেয়েছি। চেষ্টা করব এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য।

নিজের বক্তব্যে সচেতনতা এবং ব্যক্তিগত স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে সচিব বলেন, আমার অনেক কিছু আছে, কিন্তু সুস্থতা নেই; তাহলে কেউ দেখবে না। নিজের সুস্থতার জন্য নিজেকেই সচেতন থাকতে হবে। খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে।

তিনি আরও বলেন, অবস্থানের কারণে অহংবোধ করা ঠিক নয়, এটা তকদিরের বিষয়। সুখটা নিজের কাছে। অনেকে বিপুল বিত্তশালী হয়েও সুখী নয়, আবার অনেকে কোনো রকম জীবন যাপন করেও তৃপ্ত এবং সুখী।

অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে ডিআরইউতে একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা অন্যান্য সরকারি হাসপাতালের সঙ্গে সমঝোতা করে সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সাংবাদিকদের দাবির জবাবে সচিব মো. সাইদুর রহমান বলেন, আপনারা বলেছেন, আমার ক্ষমতা অনেক। আমি ক্ষমতা মনে করি না, এটি দায়িত্ব। আমরা সবাই দায়িত্ব পালনে সচেষ্ট হব।

তিনি আরও বলেন, কিছু দাবি পূরণের কথাও এসেছে। আপনারা নিবন্ধন করলে আমাদের অনুদান দেওয়া সহজ হবে। বাকি বিষয়গুলো প্রক্রিয়া অনুযায়ী আসলে আমরা বিবেচনা করব।

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়ালের পরিচালক নওজাত সারওয়াত ইসলাম, লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডসের প্রেসিডেন্ট মো. রিয়াসাত ইসলাম, ডিআরইউ সিনিয়র সদস্য আজমল হক হেলাল, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, নারী সম্পাদক রোজিনা রোজী এবং সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান প্রমুখ।

এএইচ/এফএ