images

জাতীয়

ঢামেকে গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ অক্টোবর ২০২৫, ০২:২৬ পিএম

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় প্রতিপক্ষের গুলিতে আহত মুদি ব্যবসায়ী মো. দিদার (৩৫) মারা গেছেন। গত ৩০ সেপ্টেম্বর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় প্রতিপক্ষের গুলিতে আহত হন তিনি। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছিল।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, দিদারকে আহত অবস্থায় আনার পর থেকে চিকিৎসাধীন ছিলেন। আজ তিনি সকাল ৭টার দিকে মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি স্থানীয় থানা পুলিশকে অবগত করা হয়েছে।

জানা গেছে, নিহত দিদার কুমিল্লা সদরের দক্ষিণ গ্রামের আমিন মিয়ার ছেলে। তিনি নিজ গ্রামে একটি মুদি দোকান চালাতেন।

নিহতের বড় ভাই আব্দুর রহমান জানান, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে আহত হন দিদার। একই এলাকার ফজলে মিয়া নামে এক ব্যক্তি তার দোকানে এসে সরাসরি গুলি করে পালিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ১ অক্টোবর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলিটি তার পিঠে লাগে। ফলে গুরুতর আহত ছিলেন। সাত দিনের মাথায় দিদারের মৃত্যু হলো।

এমআইকে/এফএ