Dhaka Mail Logo

জাতীয়

সুমুদ ফ্লোটিলার আটকদের নিঃশর্ত মুক্তি দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পিএম

গাজায় অবরোধ প্রত্যাহার ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটককৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশের তরুণ সমাজ।

শুক্রবার (৩ অক্টোবর) এই দাবিতে জুমার নামাজের পর তারা জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হন। এ সময় তারা র‌্যালি ও সমাবেশ করেন। পরে র‌্যালিটি খামারবাড়ী হয়ে আড়ং হয়ে আবারও জাতীয় সংসদের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশ পরবর্তী র‌্যালিতে তরুণরা বক্তব্য রাখেন। র‌্যালি ও সমাবেশে ৭০টি মানবাধিকার সংগঠন অংশ নেয় বলে জানানো হয়।

বক্তারা বলেন, আমরা ফিলিস্তিনে গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। আজ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আজকের এই র‌্যালি পূর্বক সমাবেশে ৭০টি মানবাধিকার সংগঠন অংশ নিয়েছে। আমরা এই জাতীয় সংসদের সামনে থেকে বন্দি মানবাধিকার কর্মীদের মুক্তি দাবি জানাচ্ছি এবং বাংলাদেশ থেকে একমাত্র মানবাধিকার কর্মী ও ফটো সাংবাদিক শহীদুল আলম এখন ফ্লোটিলায় আছেন আমরা জানি না অদূর ভবিষ্যতে তার কী হবে বা তিনিও আটক হতে পারেন। আমরা পুরো ফ্লোটিলার নিরাপত্তা দাবি করছি। সেই সঙ্গে যাদের আটক করা হয়েছে তাদের সকলের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

তারা আরও বলেন, আমরা পুরো বিশ্বকে এখনও আহ্বান জানাচ্ছি যারা এখনও নীরব হয়ে আছেন। আপনাদের মানবতা জাগ্রত করুন। এই ঢেউ যদি আজ ঠেকানো না যায় তবে আপনারাও প্রস্তুত থাকুন। আজ শুধু যে ফিলিস্তিন ভুগছে ব্যাপারটা এমন নয়; আপনারাও যদি সতর্ক না হোন ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে তবে একদিন এই ইসরায়েল পুরো বিশ্বের ওপর হানা দেবে। এজন্য আমরা সকলকে আহ্বান জানাবো ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ জানানোর জন্য। সেই সঙ্গে ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে মারমুখী একটি জবাব দেওয়ার জন্য পরাশক্তি দেশগুলোকে আহ্বান জানাই।

এরপর ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত হয়। র‌্যালিতে কয়েক শত তরুণ অংশ নেন।

এমআইকে/এফএ