images

জাতীয়

২২টি জাল দলিলে ২৩ একর জমি দখল, দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর ২০২৫, ০২:০৬ পিএম

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় জালিয়াতির মাধ্যমে আদিবাসীদের প্রায় ২৩ একর জমি দখলের অভিযোগে চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।

অভিযোগ রয়েছে, অভিযুক্তরা ২২টি ভুয়া দলিল তৈরি করে মাহালী ও সাঁওতাল সম্প্রদায়ের মালিকানাধীন জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেন। এ ঘটনায় মঙ্গলবার (১ অক্টোবর) দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

মামলার আসামিরা হলেন, দিনাজপুরের বোচাগঞ্জ থানার বাসিন্দা আব্দুল খালেক, মো. আব্দুল লতিফ মোল্লা, মো. আব্দুস সালাম (মিন্টু) ও মো. আবুল কালাম আজাদ (রিপন)।

দুদক সূত্র জানায়, বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের সাদামহল মৌজায় দীর্ঘদিন ধরে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহালী ও সাঁওতাল সম্প্রদায়ের পরিবারগুলো বসবাস করছেন। এই জমিগুলো তারা বংশানুক্রমে ভোগদখল করে আসছেন।

অর্থনৈতিক সংকটে পড়ে অনেকে মৌখিকভাবে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিকে জমি লিজ দেন। তবে সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্তরা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জমির মালিকানা নিজেদের নামে লিখে নেন।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, অভিযুক্ত চারজন ২২টি ভুয়া দলিল তৈরি করে মোট ২৩ দশমিক ৩১ একর জমি নিজেদের নামে রেজিস্ট্রি করেন। অথচ এসব জমির আসল মালিক আদিবাসী পরিবারগুলোই।

এভাবে জমির টাইটেল পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রীয় ও আদিবাসীদের স্বার্থের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে দুদকের তদন্তে উঠে এসেছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ৪৬৭ (জাল দলিল তৈরি), ৪৬৮ (জালিয়াতির উদ্দেশ্যে দলিল তৈরি), ৪৭১ (জাল দলিল ব্যবহার) ও ১০৯ (সহযোগিতার অভিযোগ) ধারায় মামলা হয়েছে।

দুদক জানিয়েছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচএইচ/এইউ