নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১০ পিএম
জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনে কোনো নাগরিকের দুটি জন্মসনদ অনলাইনে পাওয়া গেলে জন্ম ও মৃত্যু নিবন্ধন অনুবিভাগে চিঠি দিয়ে জানিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
ইসি কর্মকর্তা জানান, এনআইডি সংশোধন আবেদন যাচাই করতে গিয়ে অনেক সময় একজন ব্যক্তির একাধিক জন্ম সনদ পাওয়া যায়। এতে আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে পারি না। আবার বিভ্রান্তিও সৃষ্টি হয়। এজন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে যেসব নাগরিকদের একাধিক জন্ম সনদ অনলাইনে পাওয়া যাবে তাদের নাম, এনআইডি নাম্বার ও অনলাইন জন্ম সনদ নাম্বার উল্লেখ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন অনুবিভাগে চিঠি দিয়ে জানিয়ে দেব।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ঢাকা মেইলকে বলেন, এনআইডি সংশোধনে বর্তমানে সময়ে সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা দিয়েছে তা হলো নাগরিকদের একাধিক জন্ম সনদ। এর জন্য যেমন আমাদের সিদ্ধান্ত নিতে কষ্ট হয়, তেমনি নাগরিকদেরও ভোগান্তি বাড়ে। এর জন্য এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যাদেরই দুটি জন্ম সনদ অনলাইনে পাওয়া যাবে তাদের সব তথ্য লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে। এরপর চিঠির উত্তর এলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।
মাসিক সমন্বয় সভার বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবীর বলেন, বর্তমানে যেসকল আবেদন পেন্ডিং রয়েছে তা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেসকল সংশোধনের আবেদনের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায় না তাদের আবেদন বাতিল করে দেওয়া হবে।
জানা যায়, গত এক বছরের ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে প্রায় ১০ লাখের মতো আবেদন নিষ্পত্তি করেছে ইসি। সবশেষে ভোটার তালিকা অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন ভোটার। পুরুষ ভোটার ৬ লাখ ৪১ লাখ ৪৫৫ জন ও নারী ভোটার ৬ লাখ ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। হিজড়া ১২৩০ জন।
এমএইচএইচ/ক.ম