Dhaka Mail Logo

জাতীয়

আকামাবিহীন কুয়েত প্রবাসীদের মৃতদেহ আনতে সহায়তা করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম

কুয়েতে আকামাবিহীন প্রবাসী কর্মীদের মৃতদেহ বাংলাদেশে ফেরত আনতে চাঁদা তোলা বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ না করে আর্থিক সহায়তার জন্য লিখিতভাবে আবেদন করার অনুরোধ জানিয়েছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

রোববার (১৪ সেপ্টেম্বর) কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) মোহাম্মদ আবুল হোসেনের সই করা পত্রে এ তথ্য জানানো হয়।

পত্রে বলা হয়, কুয়েতের শ্রম আইন অনুযায়ী দেশটির ১৮ নং ভিসায় কর্মরত প্রবাসী বাংলাদেশী কর্মী মৃত্যুবরণ করলে তার মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসার খরচ সংশ্লিষ্ট কোম্পানি/প্রতিষ্ঠানের বহন করার বিধান রয়েছে।

এছাড়া ২০ নং ভিসায় কুয়েতে ব্যক্তিগত কাফিলের অধীনে কর্মরত বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করলে তার মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসার খরচ সংশ্লিষ্ট কাফিল বহন করবে।

তবে কুয়েতে মৃত্যুবরণকারী কোন বাংলাদেশি কর্মীর কাফিল বা নিয়োগকর্তা না থাকলে অর্থাৎ আকামাবিহীন থাকলে উক্ত কর্মীর মৃতদেহ বাংলাদেশ দূতাবাসের আর্থিক সহায়তায় বাংলাদেশে নিয়ে আসা হয়।

এ পরিস্থিতে কুয়েত প্রবাসী আকামাবিহীন বাংলাদেশি কর্মীর মৃতদেহ বাংলাদেশে আনতে চাঁদা তোলা বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ না করে দূতাবাসের আর্থিক সহায়তার জন্য কুয়েতে বাংলাদেশ দূতাবাসে লিখিতভাবে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

এসএইচ/জেবি