Dhaka Mail Logo

জাতীয়

বকেয়া বেতন পরিশোধ না করায় ফের সড়ক অবরোধ শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ পিএম

‎বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কুড়িলে আবারও সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। এর আগে চলতি মাসের শুরুতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে ১০ সেপ্টেম্বরের মধ্যে তাদের বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। বকেয়া পরিশোধ না করায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবারও সড়ক অবরোধ করা হয়েছে। 
‎
‎কুড়িল চৌরাস্তা এলাকার ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। সড়ক অবরোধের ফলে আশপাশের এলাকায় তীব্র যানঝট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। 
‎
‎এর আগে চলতি মাসের শুরুতে বকেয়া-বেতনের দাবিতে কুড়িল-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছিল। তখন ১০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধে মালিকদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে তারা। বৃহস্পতিবার দুপুরের পরে আশ্বাস অনুযায়ী বকেয়া বেতন না পেয়ে আবারও সড়কে অবস্থান নেয় গার্মেন্টস শ্রমিকরা।
‎
‎ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মাদ মিজানুর রহমান জানান, বেতন-ভাতার দাবিতে বাড্ডার কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০-৬০০ কর্মী ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলশ্রুতিতে কুড়িল থাকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না।
‎
‎পাশাপাশি এয়ারপোর্ট রোডে ঢাকা উত্তরা-ময়মনসিংহ হাইওয়ের ইনকামিং এবং আউট গোয়িং উভয় দিকে রাস্তা প্রায় ২০০ কর্মী মিলে বন্ধ করে দিয়েছে।
 
একেএস/ক.ম