তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৫ আগস্ট ২০২৫, ০৫:৪১ পিএম
আমরা প্রায়ই শুনে থাকি যে, কোনও অ্যাপ্লায়েন্স সুইচ অফ করে দিলে সেটি আর বিদ্যুৎ খরচ করে না। কিন্তু সত্যি হল, অ্যাপ্লায়েন্স বন্ধ থাকলেও যদি তা প্লাগে লাগানো থাকে, তাহলে ধীরে ধীরে ‘ভ্যাম্পায়ার এনার্জি’ বা স্ট্যান্ডবাই পাওয়ার ব্যবহার করতে থাকে। ফলে অনেকেই মনে করেন, যন্ত্রটি বিদ্যুৎ খরচ করছে না। বাড়িতে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র নিয়ে এমন অনেক মিথ রয়েছে, যার সত্যতা বেশিরভাগ মানুষই জানেন না। আজ এমনই কয়েকটি প্রচলিত মিথের আসল সত্য তুলে ধরা হল।
লাইট-ফ্যান বারবার অন-অফ করলে কি বিদ্যুৎ সাশ্রয় হয়?
অনেকেরই ধারণা, বিদ্যুৎ বাঁচাতে বারবার লাইট বা ফ্যান অন-অফ না করে সেগুলি চালু রাখাই ভালো। আসলে, বাল্বের ইনরাশ কারেন্টের জন্য যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, তা খুবই কম বা প্রায় নগণ্য। বিদ্যুৎ বিলের উপর এর প্রভাবও প্রায় নেই বললেই দেখা যায়। তাই বারবার লাইট অন-অফ করলেও বিদ্যুৎ বিলের ক্ষেত্রে বিশেষ কোনও পার্থক্য হয় না। তবে এর ফলে লাইট বা অন্যান্য যন্ত্রের ক্ষতি হতে পারে।
ওভেনের দরজা খুললে বেশি বিদ্যুৎ খরচ হয়
খাবার গরম হয়েছে কি না, তা দেখার জন্য অনেকেই মাঝে মাঝে ওভেনের দরজা খুলে ফেলেন। অনেকের ধারণা, কয়েক সেকেন্ডের জন্য দরজা খুললে বিদ্যুৎ বিলে কোনও প্রভাব পড়বে না। কিন্তু প্রতিবার ওভেনের দরজা খুললে এর ভিতরের তাপমাত্রা অনেকটাই কমে যায়। এরপর ওভেনকে নির্ধারিত তাপমাত্রায় পৌঁছতে আবার বেশি পরিশ্রম করতে হয়। ফলে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয় এবং বিদ্যুৎ বিলও বেড়ে যেতে পারে।
স্মার্ট মিটার কি বেশি বিদ্যুৎ খরচ করে?
স্মার্ট মিটার নিয়ে একটি প্রচলিত ভুল ধারণা হল, এগুলি প্রচলিত মিটারের তুলনায় বেশি বিদ্যুৎ খরচ করে কারণ এগুলি নাকি দ্রুত চলে। কিন্তু বাস্তবে স্মার্ট মিটার রিয়েল-টাইম এবং আরও নির্ভুল বিদ্যুৎ ব্যবহারের হিসাব দিতে পারে, যা অন্যান্য মিটারের ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না। স্মার্ট মিটারের সাহায্যে আপনি নিজের বিদ্যুৎ ব্যবহারের ধরন বিশ্লেষণ করে খরচ নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন।
যেভাবে বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন
বিদ্যুৎ খরচ কমানোর সুনির্দিষ্ট কোনো উপায় না থাকলেও সামান্য সচেতনতা বড় পার্থক্য গড়ে দিতে পারে। ভালো মানের অ্যাপ্লায়েন্স, তার এবং কেবল কিনুন। সারাদিন বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকুন এবং LED লাইট ব্যবহার করুন। এছাড়া ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি (BEE)-র স্টার লেবেলযুক্ত গ্যাজেট কিনলে বিদ্যুৎ বিলে উল্লেখযোগ্য সাশ্রয় পাওয়া সম্ভব।
এজেড