নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৫, ০৭:১৫ পিএম
‘বার্ন ইনস্টিটিউটের সামনে ‘গলা কাটছে’ ফার্মেসি সিন্ডিকেট’শিরোনামে ঢাকা মেইলে সরজমিন প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বার্ন ইনস্টিটিউটের নামে অভিযান চালিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২২ জুলাই) বার্ন ইউনিটের সামনের উপশম মেডিকেল হল ফার্মেসিসহ আরও বেশকিছু ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। এসময় কয়েকটি ফার্মেসিতে জরিমানা করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন অভিযান টিমের প্রধান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুর জব্বার মন্ডল।
তিনি ঢাকা মেইলকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে রোগীর স্বজনসহ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি ফামের্সিগুলোতে তদারকি করা হয়েছে। কয়েকটি ফার্মেসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়েছে।’
আব্দুল জব্বার জানান, ‘যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেয়াদউত্তীর্ণ সার্জারি পণ্য বিক্রির অভিযোগ আনা হয়েছে, সেটি পায়নি। অবশ্য নিউজ হলে তো তারা মেয়াদউত্তীর্ণ পণ্যগুলো সরিয়ে ফেলবে, এটাই স্বাভাবিক।’
এদিকে, উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের চিৎকার, স্বজনদের আহাজারি আর অস্থিরতা রিরাজ করছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তারই মধ্যে রোগীদের পকেট কাটছে ব্যবসায়িক সিন্ডিকেট। ওষুধের দাম বাড়িয়ে চড়া দামে বিক্রির অভিযোগ ওঠে।
বার্ন ইনস্টিটিউটের গেটে দাঁড়িয়ে থেকে সে অভিযোগের একের পর এক প্রমাণ পান প্রতিবেদক। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা আলোচিত হয়। এরপরই অভিযান চালালো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
এমআই/এএইচ