Dhaka Mail Logo

জাতীয়

ওয়াসায় তাকসিমের ‘আউটসোর্সিং বাহিনী’ এখন বিএনপির মুখোশে

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই ২০২৫, ০৭:৫৯ পিএম

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের আমলে নিয়োগ পাওয়া ৬০০ জন আউটসোর্সিং কর্মচারী বর্তমানে নিজেদের বিএনপি সমর্থক পরিচয় দিয়ে দাপট দেখাচ্ছে বলে অভিযোগ তুলেছে ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়ন (সিবিএ)।

সোমবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনের সভাপতি মো. আনিসুজ্জামান শাহীন।

তিনি বলেন, ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তন হলেও ওয়াসার অভ্যন্তরীণ সংস্কারে কোনো অগ্রগতি হয়নি। বরং তাকসিম খানের অনুসারীরা ‘জাতীয়তাবাদী ইমপ্লয়মেন্ট ইউনিয়ন’ এর ব্যানারে ওয়াসায় দাপট চালিয়ে যাচ্ছে। যারা আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়মের মাধ্যমে আমার ওপর ১৯টি মিথ্যা মামলা দায়ের করে চাকরি থেকে বরখাস্ত করেছে। তারাই এখন নিজেদের বিএনপি বলে প্রচার করছে।

সংবাদ সম্মেলনে আনিসুজ্জামান দাবি করেন, আদালতের নির্দেশনার পরও তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়নি। তিনি বলেন, ২০১৮ সালে আদালত আমার চাকরিতে পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের নির্দেশ দেয়। কিন্তু তৎকালীন এমডি তাকসিম খান সেই আদেশ পালন করেননি। বরং অফিসে যোগদান করতে গেলে তার অনুসারীরা বাধা প্রদান করে।

সিবিএ’র সভাপতি অভিযোগ করে বলেন, ওয়াসায় নিষিদ্ধ আউটসোর্সিংয়ের সুযোগ কাজে লাগিয়ে ৬০০ জন কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকসিম খান ও তার ঘনিষ্ঠরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব কর্মচারী নিয়োগ দিয়েছেন। এখন তারাই নিজেদের বিএনপিপন্থী পরিচয়ে আত্মপ্রকাশ করছে, যদিও তারা প্রকৃত অর্থে বিএনপির কেউ নয়।

তিনি আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, যেহেতু এসব আউটসোর্সিং কর্মচারী নিয়ম অনুযায়ী স্থায়ী হতে পারবেন না। সেহেতু ভবিষ্যতে তারা সরকারিকরণের দাবিতে আন্দোলনে নামবেন। এতে পানি সরবরাহসহ জনসেবামূলক কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

সিবিএ’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান বলেন, তাকসিম আমলের অস্বচ্ছ নিয়োগ ও দুর্নীতির মাধ্যমে এখন ওয়াসায় এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ‘আওয়ামী লীগের ছায়ায় জন্ম নেওয়া স্বৈরাচাররাই’ নিজেদের বিএনপি পরিচয় দিয়ে বৈধতা পাওয়ার চেষ্টা করছে।

সিবিএ’র প্রচার সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ওয়াসার প্রকৃত শ্রমিকদের অধিকার রক্ষা ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলতে অবিলম্বে এসব অনিয়ম তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা ওয়াসার নিয়োগ ও প্রশাসনিক অব্যবস্থাপনার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক তদন্ত দাবি করেন। তারা সরকারকে আহ্বান জানান, যেন ওয়াসা ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইন মেনে চলার সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়।

এমআই/এফএ