Dhaka Mail Logo

জাতীয়

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ভাঙার দাবি, উন্মুক্ত নিয়োগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

০৫ মে ২০২৫, ০২:৪১ পিএম

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে দীর্ঘদিন ধরে চালু থাকা তথাকথিত ‘সিন্ডিকেট প্রক্রিয়া’ বন্ধ করে শ্রমবাজার সবার জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে রিক্রুটিং এজেন্সির মালিকরা। সোমবার (৫ মে) সকাল ১১টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এই দাবি জানান।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাধারণ সদস্যরা এতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, একটি প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজার নিজেদের নিয়ন্ত্রণে রেখে সাধারণ রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত করছে।

বায়রার জ্যেষ্ঠ সহ-সভাপতি রিয়াজ উল ইসলাম অভিযোগ করে বলেন, মালয়েশিয়া শ্রমবাজারে একটি নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এর ফলে সাধারণ কর্মী ও বৈধ এজেন্সিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এখন সময় এসেছে বাংলাদেশ-মালয়েশিয়া শ্রমচুক্তির শর্ত পুনর্বিবেচনা করে শ্রমবাজার উন্মুক্ত করার।

বক্তারা আরও দাবি করেন, এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত কয়েকজন সাবেক মন্ত্রী, উপদেষ্টা ও রাজনৈতিক নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। মানববন্ধনে যে সকল ব্যক্তির নাম উঠে এসেছে, তাদের মধ্যে রয়েছেন সাবেক সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

তারা বলেন, দায়ীদের চিহ্নিত করে দ্রুত তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে কর্মসূচির আয়োজকরা মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপিও জমা দেন।

বক্তারা বলেন, যদি এই সিন্ডিকেট ভেঙে দেওয়া না হয়, তবে ভবিষ্যতে দেশের রিক্রুটিং ব্যবসা ধ্বংসের মুখে পড়বে, যার প্রভাব পড়বে বৈদেশিক আয়েও।

এএসএল/এইউ