তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৬ মার্চ ২০২৫, ০৪:২৯ পিএম
সার্চ ইঞ্জিনের সাধারণ সার্চ বারে করা একটি সাধারণ ক্লিকই নিমেষে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে। সাইবার প্রতারকদের নতুন এই মারাত্বক ফাঁদের নাম ‘এসইও পয়জনিং’। সার্চ ইঞ্জিনকে হাতিয়ার করে সাধারণ মানুষের সর্বস্ব লুটে নেওয়ার এই অভিনব কায়দা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া জরুরি।
কীভাবে ফাঁদ পাতে প্রতারকরা?
সাইবার বিশেষজ্ঞদের মতে, এসইও (SEO) অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজ়েশন পয়জ়নিং হলো এক ধরনের ডিজিটাল বিষক্রিয়া। প্রতারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর সাহায্য নিয়ে বিভিন্ন এলাকার মানুষের নিয়মিত সার্চ ট্রেন্ড ও চাহিদা নিখুঁতভাবে বুঝে নেয়। এরপর সেই চাহিদাকে পুঁজি করে তারা হুবহু আসল সংস্থার মতো দেখতে অসংখ্য ভুয়ো ওয়েবসাইট, কাস্টমার কেয়ার নম্বর ও লিঙ্ক তৈরি করে। উন্নত এসইও কৌশলের মাধ্যমে এই ক্ষতিকারক বা জালিয়াতিপূর্ণ লিঙ্কগুলোকে সার্চ ইঞ্জিনের ঠিক ওপরের দিকে বা প্রথম সারির ফলাফলে নিয়ে আসে তারা। ফলে সাধারণ মানুষ কোনো সন্দেহ না করেই ওই ভুয়া লিঙ্কে ক্লিক করে বসে।
প্রেরণার অভিজ্ঞতাই চোখে আঙুল দিয়ে দেখায় বিপদ
সম্প্রতি হায়দরাবাদের এক উচ্চপদস্থ কর্মী প্রেরণা কম খরচে গাড়ি ভাড়া নেওয়ার জন্য অনলাইনে সার্চ করতে গিয়ে এই মারাত্মক ফাঁদে পড়েন। সার্চ রেজাল্টের প্রথম সারিতে থাকা একটি লিঙ্কে ক্লিক করে তিনি ‘গণেশ কার ট্রাভেলস’ নামের একটি ভুয়া সংস্থার খোঁজ পান। রোহিত নামের এক প্রতারক কাস্টমার কেয়ার প্রতিনিধি সেজে তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে এবং সামান্য একটি লেনদেন করতে নির্দেশ দেয়। প্রেরণা সেই অনুযায়ী টাকা পাঠানোর কিছুক্ষণ পরেই খেয়াল করেন যে, তাঁর ফোনে কোনো ওটিপি (OTP) না এলেও ব্যাংক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে প্রায় দুই লাখ টাকা উধাও হয়ে গেছে। এভাবেই প্রতারকরা সার্চ ইঞ্জিনের কোডিং ও দুর্বলতার সুযোগ নিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে।
অস্ট্রেলিয়াতেও ঘটেছিল একই ধরনের ঘটনা
শুধু ভারতেই নয়, সম্প্রতি অস্ট্রেলিয়াতেও এ ধরনের এসইও পয়জ়নিং অ্যাটাকের প্রমাণ মিলেছে। সেখানে বহু মানুষ গুগলে ‘আর বেঙ্গল ক্যাটস লিগাল ইন অস্ট্রেলিয়া?’ (বাংলার বিড়াল কি অস্ট্রেলিয়ায় বৈধ?) লিখে সার্চ করার সময় প্রতারকদের তৈরি ভুয়া লিঙ্কের ফাঁদে পা দিয়েছিলেন। সাধারণ মানুষের কৌতূহল বা নিত্যদিনের প্রয়োজনীয় সার্চ অপশনগুলোকে হাতিয়ার করেই এ ধরনের জালিয়াতি চালানো হচ্ছে।
সুরক্ষিত থাকার কার্যকরী উপায়
সাইবার জালিয়াতির এই নতুন জাল থেকে বাঁচতে কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি:
ব্রাউজারের সেটিংস অপশনে গিয়ে সিকিউরিটি মেনু থেকে ‘এনেবল দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেফ ব্রাউজ়িং অপশন’ বা এনহ্যান্সড প্রটেকশন অন করে রাখুন।
কোনো অচেনা বা সন্দেহজনক ইউআরএল (URL) নিরাপদ কি না তা যাচাই করতে ‘গুগল সেফ ব্রাউজ়িং ট্রান্সপ্যারেন্সি রিপোর্ট’ পেজে গিয়ে লিঙ্কের স্ট্যাটাস চেক করে নিন।
যেকোনো জরুরি সেবার ক্ষেত্রে সার্চ ইঞ্জিনের ওপর অন্ধভাবে ভরসা না করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিশিয়াল অ্যাপ বা বিশ্বস্ত উৎস থেকে যোগাযোগ করুন।
ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করতে সবসময় লাইসেন্সড অ্যান্টিভাইরাস ও অ্যান্টিম্যালওয়্যার ব্যবহার করুন।