Dhaka Mail Logo

জাতীয়

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৭ পিএম

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে মারধরের শিকার হয়ে না ফেরার দেশে চলে যাওয়া আবুল কাশেম প্রতিবিপ্লবের প্রথম শহীদ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তিনি।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই।’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে পোস্টে হাসনাত আব্দুল্লাহ আরও লিখেছেন, ‘ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’

গাজীপুরের ধীরাআশ্রম এলাকায় সাবেক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত মো. কাশেম খান (২০) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার বেলা তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ১৬ নাম্বার বেডে চিকিৎসাধীন অবস্থায় আজ না ফেরার দেশে চলে যান তিনি। কাশেম গাজীপুরের গাছা থানার দক্ষিণ কমলেশ্বর এলাকার মৃত হাজী জামালের ছেলে।

এমআর