images

জাতীয়

চালককে হত্যা করে রিকশা ছিনতাই, চক্রের পাঁচ সদস্য গ্রেফতার 

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৪ পিএম

রাজধানীর ডেমরা এলাকায় অটোরিকশা চালক উষান মিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন—হাবিবুর রহমান (৩৪), ফালান ভুইয়া (২৯), আঁখি আক্তার (৩২), নাজিম হোসেন (৪২) এবং আমান হোসেন (৩৭)।

ডেমরা থানার পুলিশ জানায়, গাইবান্ধার বাসিন্দা উষান মিয়া (৪২) দীর্ঘদিন ধরে রাজারবাগ কালীবাড়ি এলাকায় অন্যের অটোরিকশা ভাড়া নিয়ে চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২১ জানুয়ারি বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। পরদিন সকাল পৌনে ১১টায় ডিএনডি খালে তার মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় উষান মিয়ার বড় ভাই মসুজা মিয়া ডেমরা থানায় হত্যা মামলা করেন।

পুলিশের তদন্তে জানা যায়, ঘটনার দিন হাবিবুর রহমান ও তার সহযোগীরা উষান মিয়ার অটোরিকশায় উঠে শাহবাগ থেকে ডেমরা এলাকায় আসেন। সেখানে হাবিব কৌশলে উষান মিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার চেষ্টা করেন। কিন্তু উষান মিয়া অচেতন না হওয়ায় তাকে হত্যা করে মৃতদেহ ডিএনডি খালে ফেলে দেন তারা। পরে অটোরিকশাটি ডেমরার পশ্চিম সানারপাড়ের আমান হোসেনের কাছে ৪৫ হাজার টাকায় বিক্রি করে সেই টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন।

পুলিশ আরও জানায়, এই চক্রের আরও তিন সদস্য আঁখি আক্তার, নাজিম হোসেন ও আমান হোসেন গত ৩১ জানুয়ারি অটোরিকশা ছিনতাই ও কেনার অভিযোগে গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছেন।

গ্রেফতাররা গরিব, অসহায়, সহজ-সরল ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের ভাড়ার কথা বলে অটোরিকশায় ওঠে। পরে সুবিধাজনক স্থানে নিয়ে তাদের ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে, মলম লাগিয়ে, মারধর করে, চাপাতির ভয় দেখিয়ে, ইলেকট্রিক শক দিয়ে বা এমনকি হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। পরে তা স্বল্পমূল্যে আমান হোসেনের কাছে বিক্রি করে দেয়।

এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এমআইকে/এইউ