নিজস্ব প্রতিবেদক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৩ এএম
ঢাকার যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাউছার নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাতুয়াইলে এ ঘটনা ঘটে।
নিহত কাউসার হাওলাদারের বাড়ি পিরোজপুর সদর উপজেলার হরিনা গ্রামে। তার বাবার নাম হায়দার আলী। তিনি মাতুয়াইলের মৃধা বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন; কাজ করতেন মশার কয়েলের ‘স্ট্যান্ড’ তৈরির কারখানায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কাউসারকে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।
কাউসারকে হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মী শারমিন আক্তার। তিনি বলেন, কাউসার আমার কাছে ৫০০ টাকা চেয়েছিল। আমি টাকা দিতে গিয়েছিলাম। মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় এ সময় তিন ছিনতাইকারী কাউছারের বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে চলে যায়।
শারমিন জানান, পরে আহত অবস্থায় প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কাউসারের দুলাভাই শহীদুল ইসলাম বলেন, রাতে খবর পাই কাউসার ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছে। পরে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।
/এএস