images

জাতীয়

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ১২ সক্রিয় সদস্য গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ জানুয়ারি ২০২৫, ১০:৫৯ পিএম

ঢাকা-আশুলিয়া মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উত্তরা এলাকার পেশাদার ছিনতাইকারী চক্রের ১২ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। 

রোববার (২৬ জানুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানার একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ রুবেল (২৭), মুছা মৃধা (২২), রাজন (১৯), জুয়েল (২৬), কাশেম (৪১),  টুটুল আলী (৪০), সুজন (২২), শাওন হাওলাদার (৩০), রিপন (২৫), ওমর ফারুক (২২), শাকিল (২৩) ও নাজমুল হাসান (২৫)।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, উত্তরা ৯নং সেক্টরের ঝিলপাড় শাপলা মসজিদের উত্তর পাশে ঢাকা-আশুলিয়া মহাসড়কে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে; এমন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার একটি আভিযানিক দল দ্রুত সেখানে পৌঁছে ১২ জনকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে একটি ধারালো লোহার চাপাতি ও দু’টি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল, মুছা, জুয়েল ও কাশেমের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পশ্চিম, তুরাগ ও গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।

এমআইকে/এফএ