জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ জানুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম
রাজধানীর পল্লবী এলাকায় সন্ত্রাসী বাবু ওরফে ব্লেড বাবুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। সোমবার বিকালে টেকের বাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। আহত বাবুকে তার স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই দিন রাতে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি নজরুল ইসলমা।
তিনি বলেন, আমরা শুনেছি বাবুকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। তবে সে মারা গেছে আমরা নিশ্চিত হয়েছি। এখনো এই ঘটনায় বিস্তারিত জানতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন থেকে ব্লেড বাবু ও সন্ত্রাসী মাসুর দ্বন্দ্ব চলছিল। সেই জেরে আজ তাকে বিকালে মুসার লোকজন কুপিয়ে গুরুতর আহত করে। পরে বাবুর লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুসা সাবেক এমপি আউয়ালের অনুসারী। সম্প্রতি একটি হত্যাকাণ্ডের মামলায় জামিনে বের হন তিনি।
জানা গেছে, মুসা মতিঝিলের এক কাউন্সিলের জামাইকে হত্যাকাণ্ডের অন্যতম আসামি। সেই ঘটনার পর মুসা ওমানে পালিয়ে গিয়েছিলেন। পরে তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত আনা হয়। তখন থেকে মুসা কারাগারেই ছিলেন। সম্প্রতি তিনি জামিনে বের হয়েছেন।
এমআইকে/ইএ