নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৮ এএম
ভোটার তালিকা হালনাগাদসহ সার্বিক সহযোগিতার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) প্রাথমিকভাবে কিছু সরঞ্জামাদি দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এর মধ্যে রয়েছে ল্যাপটপ, স্ক্যানার ও ব্যাগ।
রোববার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইসির কাছে এসব সরঞ্জামাদি তুলে দেওয়া হয়।
এসবের মধ্যে রয়েছে, ১৭৫টি ল্যাপটপ, ২০০ ডকুমেন্টস স্ক্যানার ও ৪ হাজার ৩০০ ব্যাগ।
নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এগুলো হস্তান্তর করেন জাতিসংঘের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টিফেন।
এ সময় স্টেফান লীলার বলেন, ইউএনডিপি রাজনৈতিক দলসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করছে নির্বাচনে কীভাবে সহযোগিতা করা যায়।
সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের দিকে ইসি এগুচ্ছে জানিয়ে সিইসি বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যের ভেতরে ঢুকতে চায় না ইসি। বিতর্কের ঊর্ধ্বে থাকবে এবারের ভোটার তালিকা।
সোমবার (২০ জানুয়ারি) সাভারে কেন্দ্রীয় কর্মসূচির মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। তালিকা হালনাগাদে সারা দেশে ৬৫ হাজার লোক কাজ করবে। ছয় মাসের মধ্যে হালনাগাদের কার্যক্রম শেষ হবে বলে আশাবাদী ইসি।
ইএ