Dhaka Mail Logo

জাতীয়

‘শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল-ইমন আইনের হাত থেকে রক্ষা পাবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২৫, ০১:৪৩ পিএম

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল ও সানজিদুল ইসলাম ইমনকে আইনের আওতায় আনা হবে। তাদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং তারা শিগগিরই গ্রেফতার হবে বলে আশ্বস্ত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার।

তিনি বলেন, ‘কোনো সন্ত্রাসী আইনের আওতা থেকে রক্ষা পাবে না। পিচ্চি হেলাল বা ইমন, কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না। তাদের গ্রেফতারে আমাদের প্রচেষ্টা চলমান রয়েছে।’

সম্প্রতি এলিফেন্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় ইমনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া পিচ্চি হেলাল ও ইমন হত্যা এবং ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত। তাদের সম্প্রতি জামিনে মুক্তি দেওয়া হয়।

তিনি আরও বলেন, কোনো অপরাধীকে আইনের আওতায় আনতে আমি কখনো ভয় পাইনি, ভবিষ্যতেও ভয় পাবো না। আমার লক্ষ্য শুধু জনগণের সেবা করা। অন্যায়ের কাছে মাথা নত করিনি, ভবিষ্যতেও করবো না।’

এসময় রেজাউল করিম মল্লিক তার পুলিশে কর্মজীবনের বঞ্চনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘১৮ বছর পুলিশে অত্যাচার সহ্য করেছি। ৫ আগস্ট ছাত্র-জনতা আমাদের মুক্ত করেছে, এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

ডিবি প্রধান আরও বলেন, ‘কোনো চাঁদাবাজ বা ছিনতাইকারী এই দেশে থাকতে পারবে না। পুলিশ তাদের কঠোর হাতে দমন করবে।’

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ডিবি পুলিশ ২৭ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে বন্দুক, বিদেশি পিস্তল, ম্যাগজিন এবং গুলি জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডিবির অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এমআইকে/এইউ