জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ পিএম
জিনের মাধ্যমে নিঃসন্তান এক নারীকে সন্তান দেওয়ার আশ্বাস দিয়ে ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে চক্রটির সদস্য আলামিন মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল।
মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সহদেব পুরের আরজু মিয়ার ছেলে।
বুধবার (৮ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির পুলিশ সুপার আজাদ রহমান।
পুলিশ কর্মকর্তা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুতে 'জিনের মাধ্যমে কবিরাজি চিকিৎসায় সন্তান ধারণ সম্ভব' এমন বিজ্ঞাপন দেখতে পান ভুক্তভোগী নারী। এরপর তিনি তাদের সাথে যোগাযোগ করেন। এ সময় চক্রটির সদস্যরা তাকে 'আসন বসানো,' 'জিনকে ভোগ দেওয়া', 'চিকিৎসা খরচ' ইত্যাদির কথা বলে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে মোট ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়।
পুলিশ জানায়, পরে আরও টাকা দেওয়ার জন্য তাকে চাপ দেয় চক্রের সদস্যরা। টাকা না দিলে ওই নারীর ক্ষতি হবে এবং জিন স্বামীসহ তাকে হত্যা করবে বলে হুমকি দেয়।
এমন হুমকির পর সেই নারী গত বছরের ১৮ ডিসেম্বর লালবাগ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আলামিনকে গ্রেফতার করা হয়েছে।
এমআইকে/জেবি