Dhaka Mail Logo

জাতীয়

চাঁদাবাজির অভিযোগে যুবদলের ২ সদস্যের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ পিএম

রাজধানীর কোতয়ালী থানাধীন এলাকায় নুরুল হক নামে এক 'ঘি/মাখন' ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করার অভিযোগে যুবদলের দুই সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে নুরুল হক নিজে বাদী হয়ে মামলাটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কোতয়ালী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন- কোতয়ালী থানাধীন এলাকার ৩৭ নং ওয়ার্ডের যুবদলের সদস্য মো. মামুন ও মো. জামাল।

মামলার অভিযোগে বলা হয়েছে যে, বাদী দীর্ঘদিন ধরে রাজধানীর কোতয়ালী থানাধীন রমাকন্ত নন্দী ঘি পট্টি লেন এলাকায় 'ঘি/মাখনের' খুচরা এবং পাইকারী ব্যবসা করেন। গত ৮ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে স্থানীয় প্রভাব খাটিয়ে বাদীকে আসামিরা বলে এত বছর চাঁদা ছাড়া 'ঘি' এর ব্যবসা করে আসছিস ৫ লাখ টাকা চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দিব। চাঁদা চাওয়ার সময় আসামিরা অস্ত্র ঠেকিয়ে তাকে থাপ্পড় মারে। পরবর্তীতে বাদী প্রাণের ভয় এবং ব্যবসা বাণিজ্যের জন্য পার্শ্ববর্তী মুদি দোকানদারের কাছ থেকে ৫ হাজার টাকা ধার নিয়ে ১০ হাজার টাকা তাৎক্ষণিক আসামিদের চাঁদা দেয়।

অভিযোগে আরও বলা হয়, আসামিরা বাদীকে আরও  ৪ লাখ ৯০ হাজার টাকা ২৪ ঘন্টার মধ্যে তাদের দেওয়া ঠিকানা অনুযায়ী পৌঁছে দিতে বলে। নয়তো 'ঘি'-এর ব্যবসা বন্ধ করাসহ বিভিন্ন ধরনের ভীতি প্রদর্শন করে। বাদী ওইদিন কোতয়ালী থানায় গেলে থানা কর্তৃপক্ষ অভিযোগ না নিয়ে বাদীকে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপস মীমাংসা করার পরামর্শ দেন। থানার পরামর্শে বাদী স্থানীয় ব্যক্তিদের সাথে চাঁদা দাবির বিষয়টি আলোচনা করে কোন সুষ্ঠু সমাধান না আসায় সংশ্লিষ্ট আদালতে মামলাটি দায়ের করেন। 

এআইএম/এফএ