Dhaka Mail Logo

জাতীয়

অসহযোগের পাশাপাশি নতুন কর্মসূচি ঘোষণা আন্দোলনকারীদের

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট ২০২৪, ০২:০৮ পিএম

এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি আগামী দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ঘোষিত কর্মসূচিতে রয়েছে— আগামীকাল সোমবার (০৫ আগস্ট) ‌‌‌‌সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। এছাড়া এদিন সকাল ১১টায় ঢাকার শাহবাগে শ্রমিক সমাবেশ ও বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। আর এদিন সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়করা।

রোববার (০৪ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন একাধিক সমন্বয়ক।

এছাড়া আগামী মঙ্গলবারের (০৬ আগস্ট) ‘ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা’ স্লোগানে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবেন তারা। সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানান সমন্বয়করা। এদিন শাহবাগে দুপুর ২টায় জমায়েত হবেন বলে জানান তারা।

সমন্বয়করা সকল এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করারও আহ্বান জানান।

বিবৃতিতে সমন্বয়করা জানান, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, তাদেরকে গুম, গ্রেফতার, খুনও করা হয়। যদি কর্মসূচি ঘোষণা করার কেউ নাও থাকে একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখার এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।

এর আগে, শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন।

নাহিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্রসংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব।

নাহিদ আরও বলেন, শুধু শেখ হাসিনা নন, মন্ত্রিসভাসহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে। এই ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিলোপ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই, যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র-ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।

/এএস