Dhaka Mail Logo

জাতীয়

আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই ২০২৪, ০৪:০৫ পিএম

কোটা সংস্কার আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তারা (কোটা আন্দোলনকারীরা) যেন অযথা সড়কে ভিড় করে লেখাপড়া নষ্ট না করে। তাদের প্রতি অনুরোধ তারা যেন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যায়।

বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বার্ষিক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত শিক্ষার্থীদের কথা শুনতে চাচ্ছেন। রাস্তায় তাদের কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাদের দাবি আমারা খেয়াল করছি। অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। ষড়যন্ত্রে পা না দিয়ে আন্দোলন প্রত্যাহার করা উচিত শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলন অব্যাহত রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আদালতের যে নির্দেশনাটা এসেছিল, শিক্ষার্থীরা মনে করেছেন তাদের যে চিন্তা-ভাবনা, সেটা থেকে তাদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। সেজন্য তারা রাস্তায় চলে এসেছিলেন। আমাদের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশকে আমরা বলেছি, এদের ডিমান্ড যেটা আছে, সেটা আমরা শুনব। কিন্তু শোনারও একটা লিমিট বোধহয় থাকে। তারা বোধহয় এগুলো ক্রস করে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেশ কয়েকদিন হলো তারা (আন্দোলনরত শিক্ষার্থী) কিন্তু একই কাজ করছেন। এরই মধ্যে প্রধান বিচারপতি একটা নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, যে নির্দেশনা হাইকোর্ট দিয়েছেন সেটি স্থগিত। যে মামলাটি চলছে সেটির রায় না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তাই হাইকোর্ট যে নির্দেশনা (কোটা বহাল করে) দিয়েছিলেন সেটি অচল, সেটি এখন নেই।

আন্দোলন চলতে থাকলে পুলিশ অ্যাকশনে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ কখন অ্যাকশনে যায়? পুলিশ যখন অপারগ হয়ে যায় তখনই অ্যাকশনটা আসে। যখন কেউ অগ্নিসংযোগ করতে যায়, তখন জানমালের অনিশ্চয়তা তৈরি হয়। এককথায় অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ বসে থাকবে না। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আন্দোলন করছে তারা শিক্ষিত ছেলে, তারা মেধাবী ছেলে। তারা কেন রাষ্ট্রের বিপক্ষে যাবে? তারা নিশ্চয়ই সবকিছু পর্যবেক্ষণ করে ঘরে ফিরে যাবে।

এমএইচটি