নিজস্ব প্রতিবেদক
০৮ জুন ২০২৪, ১০:০২ পিএম
ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া দেশের ১৯টি উপজেলায় আগামীকাল রোববার (৯ জুন) ভোটগ্রহণ করা হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
ইসির জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলম জানান, এ উপজেলাগুলোতে তৃতীয় ধাপে ২৯ মে ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে তখন নির্বাচন স্থগিত করে কমিশন।
উপজেলাগুলোর ১৭৯টি কেন্দ্রে শনিবার ব্যালট পেপার পৌঁছানো হয়েছে। রোববার ভোরে ব্যালট পেপার যাবে বাকি কেন্দ্রগুলোতে।
১৯ উপজেলার মধ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএমে ভোটগ্রহণ হবে। বাকিগুলোতে হবে ব্যালট পেপারে।
যেসব উপজেলায় ভোটগ্রহণ হবে সেগুলো হলো- নেত্রকোণার খালিয়াজুরী; বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দিন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া এবং বরগুনার বামনা ও পাথরঘাটা উপজেলা।
এই ধাপে ৩৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন রয়েছেন। এসব উপজেলার মোট এক হাজার ১৮১ কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটার রয়েছেন ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন।
এর আগে চার ধাপে ৪৬৬ উপজেলায় নির্বাচন হয়েছে৷ বিএনপিসহ কয়েকটি বিরোধী দল এবারের নির্বাচন বর্জন করায় শুরু থেকেই ছিল ভোটারের খরা। চার ধাপেই ভোটগ্রহণের হার ৪০ শতাংশের নিচে রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
জেবি