জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮ জুন ২০২৪, ০১:১০ পিএম
অনিবার্য কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচন আবারও স্থগিত করা হয়েছে। আগামীকাল ৯ জুন (রোববার) এই উপজেলায় নির্বাচন হওয়ার দিন কার্য করা ছিল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো স্থগিত করা হলো এই উপজেলার নির্বাচন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানিয়েছেন, অনিবার্য কারণে রোববারের নির্বাচন স্থগিত করা হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের দাবিতে বাঘাইছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনের একদিন আগে শনিবার (৮ জুন) সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) দল। বাঘাইছড়ির মাচালং নির্বাচন পরিচালনা কমিটি এই অবরোধের ডাক দেয়। এই ঘটনার পরপরই পাহাড়ের আঞ্চলিক দলগুলোর আধিপত্য বিস্তারের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় নির্বাচন স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ মে দেশের সবচেয়ে বড় ও সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন হওয়ায় কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে ভোট স্থগিত করা হয়। স্থগিত হওয়া নির্বাচন আগামী ৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন।
এই উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী আছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী আছেন। আট ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার ভোটার সংখ্যা ৭৮ হাজার ২৯ জন। তাদের মধ্যে পুরুষ ৪০ হাজার ৭৯৬ এবং নারী ৩৭ হাজার ২৩২। ভোটগ্রহণ হবে ৩৯ কেন্দ্রে। এগুলোর মধ্যে সাজেক ইউনিয়নে ৫টি এবং বাঘাইছড়ি ইউনিয়নে একটি দুর্গম কেন্দ্রে ভোটের সরঞ্জামও নির্বাচনসংশ্লিষ্ট লোকজনকে হেলিকপ্টারে পাঠানো হয়।
বিইউ/এমআর