জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৪, ০৩:৪৩ পিএম
গুলশানের ক্যাফে সেলিব্রিটা বারের সামনে পহেলা বৈশাখের রাতে এক নারীকে কয়েকজন নারী ও পুরুষ মারধর ও শ্লীলতাহানির ঘটনায় তিন নারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির এডিসি জুনায়েদ আলম।
ডিবির এই কর্মকর্তা জানান, গুলশানে ক্যাফে সেলিব্রিটা বারের সামনে পহেলা বৈশাখের রাতে এক নারীকে কয়েকজন মারধর করেন। সেই নারী থানায় অভিযোগ করেছিলেন। তার অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।
গত ১৫ এপ্রিল সকালে সামাজিক মাধ্যমে সেই নারীকে মারধর ও শ্লীলতাহানির ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ঘটনার তিন দিনের মাথায় তিন নারীকে গ্রেফতার করল ডিবি।
এমআইকে/এমএইচটি