জ্যেষ্ঠ প্রতিবেদক
৩১ মার্চ ২০২৪, ০৮:৫১ পিএম
গতকাল শনিবার (৩০ মার্চ) সৌদি আরব থেকে ফিরেছেন প্রবাসী সরোয়ার। কিন্তু কোথায় যাবেন এবং কার কাছে যাবেন তা তিনি জানেন না। কারণ সরোয়ার মানসিক ভারসাম্যহীন। বাড়ির ঠিকানাও বলতে পারছেন না। এই অবস্থায় তিনি তার পরিবারের কাছে ফিরতে চান। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন। সরোয়ারকে বর্তমানে ঢাকার আশুলিয়ায় ব্র্যাক লার্নিং সেন্টারে রাখা হয়েছে।
রোববার (৩১ মার্চ) রাতে বিয়ষটি নিশ্চিত করেছেন ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার আল আমিন নয়ন।
তিনি ঢাকা মেইলকে জানান, ৩০ মার্চ রাত সাড়ে আটটায় ফ্লাই দুবাই বিমানযোগে সৌদি আরব থেকে দেশে আসেন তিনি। এর আগে তিনি দেশটির জেলখানায় ছিলেন। সেখানে মানসিক ভারসাম্যহীন ছিলেন সরোয়ার। সেখান থেকে তাকে দেশে ফেরত পাঠানো হয়। সেদিন রাত থেকে এখন পর্যন্ত তিনি ব্র্র্যাকের লার্নিং সেন্টারেই আছেন। তিনি বিমানবন্দরে নামলেও ঠিকানা বলতে পারেননি। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) অফিসে দিয়ে যাওয়া হয়। এরপর এপিবিএন থেকে সরোয়ারকে রাতেই ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে হস্তান্তর করা হয়।
আল আমিন নয়ন বলেন, সরোয়ার কিছুই বলতে পারছেন না। সবসময় চুপচাপ থাকেন। আমরা অনেক চেষ্টা করেও তার কাছ থেকে কোনো তথ্য পাইনি। তার সাথে থাকা বোর্ডিং পাস ও জেলখানার কাগজ রয়েছে। সেখানে তার নাম সরোয়ার। বাবার নাম আব্দুল বাশার উল্লেখ আছে। তার সাথে আসা জেল ফেরত কর্মীরা জানিয়েছেন, সরোয়ারের বাড়ি কুমিল্লা পদুয়ার বাজারে। এছাড়া আর কোনো তথ্য পাওয়া যায়নি। তার স্বজনের খোঁজে সবার সহযোগিতা কামনা করছি।
কেউ সরোয়ারকে চিনে থাকরে এবং তার পরিবারের সন্ধান পেলে বিস্তারিত জানাতে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের-০১৭১২১৯৭৮৫৪ এই নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে।
এমআইকে/জেবি