জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ জানুয়ারি ২০২৪, ০৬:১৫ পিএম
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন থেকে আফ্রিকার দেশ মালাউয়ের এক নাগরিককে আট কেজি ৩০০ গ্রাম কোকেনসহ গ্রেফতারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মূলত ঢাকায় বসে গার্মেন্টস ব্যবসার আড়ালে দীর্ঘ দিন থেকে এই কোকেন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন নাইজেরিয়ার এক নাগরিক। গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নামও পেয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। ডন ফ্রাঙ্কি ওরফে জ্যাকব ফ্রাঙ্কি নামের সেই নাইজেরিয়ান নাগরিক পোশাক ব্যবসার পাশাপাশি ফ্রাঙ্কি বাংলাদেশ নাইজেরিয়ান কমিউনিটির প্রেসিডেন্ট। গত নয় বছর ধরে বাংলাদেশে অবস্থান করা ফ্রাঙ্কি নয় মাস আগে দেশ ছেড়ে নিজ দেশে পাড়ি জমিয়েছেন।
তাকে গ্রেফতার করতে না পারলেও তার সহযোগীদের গ্রেফতারের আওতায় আনতে সক্ষম হয়েছেন কোকেন উদ্ধারকারী সংস্থার সদস্যরা। এই ফ্রাঙ্কি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মাদক চোরাচালানের নিয়ন্ত্রণ করে আসছিলেন বলে জানতে পেরেছেন তারা।
এখন পর্যন্ত এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। সবশেষ শনিবার রাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- সাইফুল ইসলাম রনি (৩৪), মো. আসাদুজ্জামান আপেল (২৭), ক্যামেরুনের নাগরিক কেলভিন ইয়েং, নাইজেরিয়ান নাগরিক ননসো ইজিমা পেটার ওরফে অস্কার (৩০) ও নুডেল ইবুকা স্টানলি ওরফে পডস্কি (৩১)।
রোববার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ডিএনসির উত্তরা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক ফারুকী আরও বলেন, মাদক চক্রের মূলহোতা ডন ফ্রাঙ্কির বাংলাদেশি সহযোগী রনিকে গ্রেফতার করার পর চক্রের অন্যদের গ্রেফতারের অভিযান চালায় ডিএনসি। রনি এই সিন্ডিকেটের বাংলাদেশি সমন্বয়কারী। তিনিও গার্মেন্টস শিল্পের বিভিন্ন ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তার কাজ ছিল মাদক বহনকারীদের দেশে প্রবেশের প্রয়োজনীয় ইনভাইটেশন, হোটেল বুকিং ও ভিসা পাওয়ার কার্যক্রমে সহযোগিতা করা। ম্যাসপেক্স লিমিটেড নামের কথিত একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এই আমন্ত্রণপত্র ইস্যু করা হতো। রনির মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য প্রযুক্তির ডিভাইস বিশ্লেষণ করে একাধিক ভুয়া ইনভাইটেশন লেটার পাঠানো এবং চক্রের মূল হোতা ফ্রাঙ্কির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ফ্রাঙ্কির অফিসে অভিযান চালিয়ে বারিধারার একটি বাসা থেকে কোকেন চোরাচালান সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ তথ্য এবং কোকেন পরিবহনের কাজে ব্যবহৃত বিভিন্ন ল্যাগেজ পাওয়া গেছে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও বাড়ির মালিকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ফ্রাঙ্কি নয় মাস আগে বাংলাদেশ ত্যাগ করেছেন। তার অবর্তমানে ফ্রাঙ্কির ভাই উইসলি ও তাদের ম্যানেজার আসাদুজ্জামান আপেল এই বাসায় থেকে ব্যবসা দেখাশোনা করতেন। কোকেন চালান আটকের সংবাদ পেয়ে তারা আত্মগোপন করেন। পরে অভিযান চালিয়ে আপেলকে গ্রেফতার করা হয়।
ফারুকী আরও বলেন, কেলভিন গত ২০ জানুয়ারি আরেক বিদেশি নাগরিক মোহাম্মদ আলীর সঙ্গে বাংলাদেশে প্রবেশ করেন। কেলভিন এই মাদক চক্রের অন্যতম সদস্য। তিনি বাংলাদেশে বসে মাদকের দেশি বিদেশি সদস্যদের সমন্বয় করতেন। গত ২৪ তারিখ কোকেনসহ মালাউয়ের নাগরিক গ্রেফতারের খবরে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন কেলভিন। এই প্রস্তুতিকালেই তাকে গ্রেফতার করা হয়।
গত ২৪ জানুয়ারি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দর ইমিগ্রেশন থেকে মালাউয়ের নাগরিককে আট কেজি ৩০০ গ্রাম কোকেনসহ গ্রেফতার করা হয়। এরপর ২৫ জানুয়ারি রাতে ২০০ গ্রাম কোকেনসহ তানজেনিয়ার অপর এক নাগরিককে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
এমআইকে/জেবি