images

জাতীয়

কর্মবিরতিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তারা, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ অক্টোবর ২০২৩, ০৯:০৪ এএম

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে একদিনের কর্মবিরতি পালন করছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষ থেকে ঘোষিত এই কর্মসূচি সোমবার (২ অক্টোবর) একযোগে সারাদেশে পালন করছেন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দফতরে কর্মরত সদস্যরা।

সংগঠনের মহাসচিব মো. শওকত হোসেন মোল্যা ঢাকা মেইলকে জানিয়েছেন, আমরা আপাতত একদিনের কর্মবিরতি পালন করব। আমাদের দাবির বিষয়ে যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত টানা কর্মবিরতি পালন করা হবে। কারণ, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ফলে কঠোর কর্মসূচিতে যেতে আমরা বাধ্য হবো।

গত শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা ক্যাডারের বিভিন্ন বৈষম্য নিরসনসহ বেশ কয়েকটি দাবিতে একদিনের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হয়।

 

আরও পড়ুন

নোয়াখালীতে ইন্টার্ন ভাতার দাবিতে নার্সসহ মিডওয়াইফদের কর্মবিরতি

সংবাদ সম্মেলন থেকে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীত করা, শিক্ষা ক্যাডারকে নন-ভ্যাকেশন সার্ভিস ঘোষণা করে অর্জিত ছুটি দেওয়া, ক্যাডার কম্পোজিশন সুরক্ষা নিশ্চিত করা, প্রাথমিক ও মাদরাসা শিক্ষা অধিদফতরের নিয়োগবিধি বাতিল করা, শিক্ষা ক্যাডারের পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও শিক্ষা ক্যাডারে প্রয়োজনীয় পদ সৃজনের দাবি জানানো হয়।

 

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা জানিয়েছেন, কর্মবিরতির দিন তারা নিজ নিজ দফতরে যাবেন এবং বিকেল পর্যন্ত অবস্থান করবেন। কিন্তু কোনো দাফতরিক কাজ করবেন না।

বিইউ/আইএইচ