Dhaka Mail Logo

জাতীয়

পুলিশের ছররা গুলিতে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত 

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ এপ্রিল ২০২২, ০২:৪০ এএম

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ চলাকালে পুলিশের ছোড়া ছররা গুলিতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের একজনের নাম মোরসালিন বলে জানা গেছে। বাকি দুজনের নাম জানা যায়নি। 

গুলিবিদ্ধ তিন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। 

ঢাকা কলেজ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের দিকে ঢুকে। এ সময় তাদের ছোড়া ছররা গুলিতে তিন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে মোরসালিনের চোখের উপরে গুলি লেগেছে। অপর দুজনের মধ্যে একজনের বুকে এবং গায়ে লেগেছে বলে জানা গেছে। শিক্ষার্থীরা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছে। 

999

এদিকে ঢাকা কলেজ শিক্ষার্থীরা কলেজের প্রিন্সিপালের অফিস ঘেরাও করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা করছে।  তবে এখনও পরিবেশ শান্ত হয়নি বলে জানা গেছে। 

এর আগে সোমবার রাত ১১টার দিকে ঢাকা কলেজের তিন ছাত্রলীগের কর্মী নিউ মার্কেটে একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। খাবারের বিল কম দেওয়ায় প্রথমে তর্কাতর্কি পরে তা মারামারিতে রূপ নেয়। এসময় ব্যবসায়ীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধর করেন। তিন শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরে তাদের সঙ্গী-সাথীদের নিয়ে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছে। 

এমআইকে/জেবি