Dhaka Mail Logo

জাতীয়

ডিএমপির নতুন কমিশনার কে এই হাবিবুর রহমান?

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের নিয়োগ হওয়ার সময়ে আলোচনায় ছিলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। গুঞ্জন ছিল তিনি পুলিশের গুরুত্বপূর্ণ এই ইউনিটের দায়িত্বে আসছেন। শেষ পর্যন্ত গত মেয়াদে না হলেও এবার তিনি দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশ প্রধানের।

আগামী ২ অক্টোবর ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুক তার চাকরি জীবনের ইতি টানতে যাচ্ছেন। এরপর হাবিবুর রহমান তার স্থলাভিষিক্ত হবেন। 

ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্বে থাকা হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে বুধবার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তার নিয়োগের খবর প্রকাশের পর থেকে শুভাকাঙ্ক্ষী, পুলিশ বিভাগের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।

১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্ম নেওয়া হাবিবুর রহমান ১৭তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেন সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে। ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদানের পর বিভাগের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করেছেন তিনি। 

আরও পড়ুন: ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

ঢাকা জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে কাজ করেছেন হাবিবুর রহমান। এরপর পদোন্নতি পেয়ে পুলিশ সদর দফতরে অতিরিক্ত সহকারী মহাপরিদর্শক (সংস্থাপন) হিসেবে পদস্থ হন। ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি। পুলিশ সদর দফতরে উপ-মহাপরিদর্শক (প্রশাসন-ডিসিপ্লিন) হিসেবে দায়িত্বরত ছিলেন হাবিবুর রহমান।

পেশাগত দায়িত্বের বাইরেও সামাজের পিছিয়ে পড়া বেদে, হিজড়া জনগোষ্ঠীর জন্য উন্নয়নমূলক কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

বিশেষ করে সাভার বেদে পল্লীর বাসিন্দাদের জীবন বদলে দেওয়া, হিজড়া সমাজকে আলোর পথে আনাসহ বেশ কয়েকটি সামাজিক কার্যক্রমের মাধ্যমে তিনি আলাদা করে পরিচিতি লাভ করেন।

তিনি সাভারে বেদে পল্লীর সমাজ ব্যবস্থা উন্নয়নে কাজ করেন। সেখানে স্কুল, কম্পিউটার ট্রেনিং সেন্টার, গাড়ি চালানোর প্রশিক্ষণ কেন্দ্র ও বুটিক হাউসসহ নানা প্রতিষ্ঠান গড়ে তুলতে ও বাল্যবিবাহ রোধে ভূমিকা পালন করেন।

অন্যদিকে হিজড়া ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘উত্তরণ কর্ম-সংস্থান প্রশিক্ষণ’ কর্মসূচি চালু করেন এবং উত্তরণ ফাউন্ডেশন নামক সংস্থা প্রতিষ্ঠা করে এর মাধ্যমে তাদের সাবলম্বী করার চেষ্টা করে যাচ্ছেন হাবিবুর রহমান।

হাবিবুর রহমান বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার পেছনে ভূমিকা পালন করেন এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাবিবুর রহমান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এশিয়ান কাবাডি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দু’বার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন তিনি।

তিনি পেশাগত কাজের বাইরে লেখালেখিসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত। ২০১৮ সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে একটি বই সম্পাদনা করেন হাবিবুর রহমান, যার নাম দেন ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’।

বিইউ/এইউ