নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৩, ০৭:২৬ পিএম
রাজধানীর বনানী থেকে কিশোর গ্যাং ‘পিচ্চি জয়’ গ্রুপের অন্যতম তিনজন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১। তারা টাকার বিনিময়ে যেকোনো পক্ষের হয়ে মারামারি, দখলবাজি, পিকেটিং, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ সংঘটিত করত বলে জানিয়েছে র্যাব।
রোববার (১৬ জুলাই) বিকেলে উত্তরা র্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-১ এর অধিনায়ক লেফটেনঢান্ট কর্নেল মো. মোসতাক আহমেদ।
র্যাব অধিনায়ক বলেন, গোয়েন্দা অনুসন্ধানে রাজধানীর বনানী থানাধীন বেলতলা আদর্শ নগর এলাকা, টিএন্ডটি কলোনি ও কড়াইল বস্তি এলাকায় কতিপয় কিশোর গ্যাংয়ের কার্যক্রমসংক্রান্ত তথ্য পাওয়া যায়। তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় আধিপত্য বিস্তারের নামে পেশিশক্তি প্রদর্শন করে আসছে। তারা মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, র্যাগিং, ইভটিজিং, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিশ্চিত ক্ষতির মুখে ধাবিত করছে। এরই পরিপ্রেক্ষিতে কিশোর গ্যাংয়ের বিপথগামী সদস্যদের আইনের আওতায় আনতে র্যাব-১ সাস্প্রতিক সময়ে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

র্যাব কর্মকর্তা বলেন, এরই ধারাবাহিকতায় জানা যায়, তারা দেশীয় অস্ত্র নিয়ে নাশকতার জন্য একসাথে জড়ো হচ্ছে। এর ভিত্তিতে র্যাব-১ এর আভিযানিক দলটি রোববার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘পিচ্চি জয়’ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য আব্দুর রহিম (১৮), রনি মিয়া (১৭) ও সুজন রায়কে (১৭) গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে তিনটি পাইপ, তিনটি চাকু ও একটি পাইপ সংযুক্ত চেইন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার কিশোররা গ্যাং ‘পিচ্চি জয়’ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য। এই গ্রুপের প্রধান বনানী থানাধীন কড়াইল বস্তির জয়। কিছুদিন আগে টিএন্ডটি কলোনির কিশোর গ্যাং ‘জুয়েল’ গ্রুপের সাথে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ‘পিচ্চি জয়’ গ্রুপের মারামারি হয়। এতে আটক আসামি আব্দুর রহিম ও পলাতক আসামি রতনসহ ‘পিচ্চি জয়’ গ্রুপের কয়েকজন সদস্য আহত হয়। এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য ও এলাকার আধিপত্য বিস্তার এবং নিজেদের অবস্থান জানান দিতেই ‘পিচ্চি জয়’ গ্রুপের ৭/৮ জন সদস্য বেলতলা আদর্শ নগর এলাকায় জড়ো হয়।
র্যাবের ওই কর্মকর্তা জানান, পিচ্চি জয় গ্রপের আনুমানিক সদস্য ২০/২৫ জন। তারা টাকার বিনিময়ে যেকোনো পক্ষের হয়ে মারামারি, দখলবাজি, পিকেটিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিল বলে স্বীকার করে। কিশোর গ্যাংয়ের বিপদগামী সদস্যদের আইনের আওতায় আনতে র্যাব-১ এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
কেআর/জেবি