জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪০ পিএম
রাজধানীর মহাখালীতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এলিট ফোর্সটি।
তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি ব্যাটারিচালিত রিকশা, একটি সাইকেলের চেন, তিনটি চেতনানাশক মলম, গামছা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ওবায়দুল হক (২৪), মুসলিম (২৪) ও পরান (২৩)।
র্যাব-১ জানায়, ছিনতাইয়ের জন্য মহাখালী এলাকায় কয়েকজনের অবস্থান নেওয়ার খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালায়। অভিযানকালে জনস্বাস্থ্য অধিদপ্তর গেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা নিজেদের ছিনতাই চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তারা জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বনানী এলাকাসহ আশপাশের এলাকায় পথচারী, বাসযাত্রী এবং মটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্র দেখিয়ে প্রাইভেটকার, মটরসাইকেল, গাড়ি, ব্যাটারিচালিত রিকশা, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ছিনতাই করতো।
এলাকায় নতুন কেউ এলে গতিবিধি লক্ষ্য করে কৌশলে তাদের কাছে থাকা জিনিস ছিনতাই করতো চক্রটি। ছিনতাইয়ে বাধা দিলে পথচারীদের অস্ত্র দিয়ে আঘাত করে মালামাল লুট করে পালিয়ে যেতো। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআইকে/এমআর