জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ জুন ২০২৩, ১১:৫৭ এএম
মাদকের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ১১ বছর পলাতক থাকার পর মো. নুরে আলম মিয়া ওরফে আলম (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২১ জুন) সকালে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২০ জুন) রাতে র্যাব-৩ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে নুরে আলমকে গ্রেফতার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ১১ বছর ধরে পলাতক থাকা কুখ্যাত মাদক কারবারি নুরে আলমকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর গুচ্ছগ্রামে। বাবা মৃত মিঠু মিয়া।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, ২০১২ সালের ২৮ জানুয়ারি গ্রেফতার নুরে আলমের বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় একটি মাদক মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সেই মামলায় আদালত তাকে ২০২০ সালে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে মামলা হওয়ার পর থেকেই নুরে আলম দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব-৩ এর এই কর্মকর্তা।
এমআইকে/আইএইচ