লাইফস্টাইল ডেস্ক
১৪ মে ২০২৩, ১২:৫৩ পিএম
আজ মা দিবস। বিশ্বজুড়ে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় দিনটি। যে মানুষটি জন্ম দিয়েছেন, আগলে রেখেছেন পরম মমতায় তার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতেই এই দিবসের সূচনা। তবে মা দিবসের ইতিহাস বেশ পুরনো।

শোনা যায়, প্রাচীনকালে অর্থাৎ গ্রিক ও রোমানরাই প্রথম এই দিনটি পালন করা শুরু করেন। গ্রিক পুরাণে রিয়া হলেন প্রধান দেবী (মাদার গডেস)। তার উপলক্ষেই বিশেষ এই দিন।

অন্যদিকে আরেক প্রধান দেবী ছিলেন সাইবেল নামে। ফ্রিজিয়া রাজত্বে তার আরাধনা হলেও রোম ও গ্রিস সাম্রাজ্যেও তাকে দেবী হিসেবে মানা হতো। সাইবেল ও রিয়া দুজনেই ছিলেন মাতৃত্বের দেবী।

কেবল মাতৃত্ব নয়, গর্ভধারণ ও ভালো কৃষি ফলনের জন্য এই দুই দেবীর আরাধনা করা হতো নিয়মিত। এই দুই দেবীর আরাধনা করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে। এমনটাই মনে করতেন প্রাচীন গ্রিক ও রোমানরা। আর তাই এই দুজনকেই দেবীদের মধ্যে প্রধান বলে গণ্য করা হতো।

বসন্তের সময় এদের আরাধনা করা হতো। ইউরোপীয় সময় মতে যা এপ্রিল মাসের আশপাশে। রোমান ও গ্রিকদের সেই আরাধনা থেকেই ধীরে ধীরে তৈরি হয় বিশ্ব মা দিবসের ধারণা। ধারণা করা হয়, এটিই পরবর্তীতে আধুনিক মা দিবসের বীজ বপন করে।
এনএম