লাইফস্টাইল ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৫ এএম
হাড়ি-পাতিলে রান্না করতে করতে এসবে পোড়া দাগ পড়বেই। গৃহিণীদের সেই দাগ তুলতে রীতিমতো পরিশ্রম করতে হয়। নিয়মিত বাসনের দাগ না তুললে সেগুলো স্থায়ী দাগ হিসেবে থেকে যায়। জেনে নিন হাড়ি-পাতিলের পোড়া দাগ তোলার কৌশল।
০১. অ্যালুমিনিয়ামের কড়াই বা বাসন যদি পুড়ে যায় ও কালো দাগ হয়ে যায় তাহলে সেই কড়াইতে তিন গ্লাস পানি ঢালুন। তারপর তাতে দুই টেবিল চামচ ডিটারজেন্ট, এক টেবিল চামচ লবণ এবং এক টেবিল চামচ লেবুর রস দিন। এবার এই পানি পাঁচ মিনিট ফুটিয়ে নিন। পানি যেন ফুটে কড়াইয়ের আশেপাশে এবং উপর পর্যন্ত চলে আসে। এর ফলে পুরো কড়াইয়ের ভেতর পোড়া অংশ নরম হবে।
০২. এবার এই পানি একটি বড় পাত্রে বা সিঙ্কের নালির মুখ বন্ধ করে সিঙ্কেও ঢালতে পারেন, যাতে পুরো কড়াইটি সহজেই সেখানে চুবিয়ে রাখতে পারেন। এভাবে কিছুক্ষণ ওই পানি কড়াইটি চুবিয়ে রাখুন। সেক্ষেত্রে কড়াইয়ের বাইরের পোড়া অংশগুলোও নরম হয়ে যাবে।
০৩. এবার পানি থেকে কড়াই তুলে আনুন। একটি পাত্রে এক টেবিল চামচ বেকিং সোডা এবং ডিটারজেন্ট মিশিয়ে নিন। বেকিং সোডা একটি ন্যাচরাল ক্লিনজার। এবার স্টিল উলের সাহায্যে বেকিং সোডা ও ডিটারজেন্টের মিশ্রণটি দিয়ে কড়াই মেজে নিন।
০৪. ওপরের পদ্ধতি ছাড়া কড়াই থেকে পোড়া খাবারের দাগ তোলার একটি সহজ উপায় হল, কড়াইটি ফ্রিজে রেখে দিন। ২-৩ ঘণ্টার মধ্যে, পোড়া খাবার ঠাণ্ডার কারণে জমে দিয়ে শক্ত হয়ে যাবে, যার ফলে সহজেই এটি ধুয়ে ফেলতে পারবেন।
০৫. পোড়া বাসন পরিষ্কারের জন্য টমেটোর রস বেশ কার্যকর। পোড়া কড়াইয়ে টমেটোর রস এবং পানি মিশিয়ে গরম করুন। এবার এটি ঘষে ঘষে পরিষ্কার করে নিন। লেবু এবং বেকিং সোডা পোড়া কড়াইয়ে ১ চামচ বেকিং সোডা দিন। তারপরে ২ চামচ লেবুর রস এবং ২ কাপ গরম পানি দিন। এটির পরে স্টিলের স্ক্রাবার দিয়ে ঘষে পরিষ্কার করুন। আপনার কড়াই চকচক করবে।
এজেড