images

লাইফস্টাইল

নারীর ফ্যাশনে দরকারি ৫ অনুষঙ্গ

লাইফস্টাইল ডেস্ক

০২ মার্চ ২০২২, ০৪:৪১ পিএম

স্টাইল আপনার। ফ্যাশন সকলের। ললনারা স্টাইলিশ হয়ে উঠতে চাইলে ভাবুন ভিন্নভাবে। সাধারণ কিছু আপনার ছোঁয়ায় হয়ে উঠতে পারে অসাধারণ। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনুষঙ্গ। অর্থাৎ ফ্যাশন এক্সেসোরিজ। ফ্যাশন দুনিয়াতে এই উপকরণটিকে তুলনা করা যেতে পারে পুষ্টি উপাদানের সঙ্গে। ছোট অথচ অতি গুরুত্বপূর্ণ। ফ্যাশন অনুষঙ্গের সঠিক ব্যবহারের মাধ্যমে একটি সাধারণ নকশার পোশাক হয়ে ওঠে অনন্য। 

এই প্রতিবেদনে আপনাকে জানানো হবে পাঁচটি প্রয়োজনীয় অনুষঙ্গের বিষয়ে। এগুলোর ব্যবহারে আপনার আলমারির পুরনো পোশাকেই নিজেকে নতুন ভাবে আবিস্কার করবেন।   

fashionকোমর বন্ধনী

কোমর বন্ধনী আমাদের দেশে ওয়েস্ট বেল্ট নামে পরিচিত। যা পোশাককে দেহের সঙ্গে আঁটসাঁট করে ধরে রাখে।  পাশাপাশি পোশাকের সৌন্দর্য বাড়াতেও ভূমিকা রাখে। ‘ওভার দ্য ব্লেজার’ বেশ কিছু দিন ধরেই ফ্যাশন জগতের ট্রেন্ড। কোটের লেয়ারের উপরে চিকন বেল্ট  এখন ফ্যাশন সচেতনদের কাছে বেশ জনপ্রিয়। 

বেল্ট বেছে নেয়ার ক্ষেত্রে আপনি তুলে ধরতে পারেন আপনার ফ্যাশন ভাবনাকে। বেল্টের বাকল বিভিন্ন রকম হয়ে থাকে।  দৈর্ঘ্যে-প্রস্থেও থাকে নানান রকমফের। নিজের দেহের আকার এবং কোন পোশাকটির সঙ্গে বেল্টটি ব্যবহার করবেন তা মাথায় রেখে সিদ্ধান্ত নিন। দেহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেল্ট ব্যবহারের মাধ্যমে তৈরি হয় দৃষ্টি বিভ্রম। বাড়তি মেদ লুকিয়ে রাখার এটি একটি জনপ্রিয় কৌশল। 

অন্যদিকে পোশাক দেহের সঙ্গে সুন্দর ভাবে ধরে রাখতেও ভূমিকা রাখে এই উপকরণ। রঙ বেছে নেয়ার ক্ষেত্রে প্রথম দিকে বেসিক কালার যেমন- কালো, ট্যান এসবে থাকতে পারেন। বাকলের ক্ষেত্রে সোনালি আভা বেশ নজর কাড়বে। 

fashionরোদ চশমা  

রোদ চশমার মূল কাজ রোদ থেকে চোখকে রক্ষা করা। সবাই জানি আমরা এ কথা।  এই চির চেনা রোদ চশমা বা সানগ্লাস বেছে নেয়ার ক্ষেত্রে মুখের গড়নের দিকে লক্ষ্য রাখলে, এক সঙ্গে হতে পারে দুই কাজ।

রোদ থেকে আপনার চোখকে রক্ষা করার পাশাপাশি এটা আপনাকে এনে দেবে স্টাইলিশ লুক। তাই সানগ্লাস বেছে নেয়ার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে মুখের আকার, ত্বকের রঙ, রোদ চশমার গ্লাসের রঙ, ফ্রেমের গঠনের দিকে।  

fashionহাত ঘড়ি 

সময় দেখার জন্যে এখন মুহূর্তেই আপনার চোখ চলে যায় মুঠোফোনের স্ক্রিনে, তাই তো? হতেই পারে। কিন্তু হাত ঘড়ির আবেদন যে এক রত্তি কমেনি, সেটাও তো ঠিক, তাই না? রিস্ট ওয়াচ অথবা হাত ঘড়ি বেছে নেয়ার ক্ষেত্রে মনোযোগ দিন নিজের দিকে। 

ভাবছেন, ঘড়ি কেনার জন্যে নিজের দিকে কেন নজর দিতে হবে? এর কারণ, ঘড়ি আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করে। আপনার রুচিকে তুলে ধরে। ঘড়ির ডায়ালের আকার বেছে নিন আপনার নিজের মতো করে। বড়, ছোট নাকি মাঝারি-এ আপনার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। ট্রেন্ডে এখন কী চলছে তার সঙ্গে নিজের চাহিদার সংমিশ্রণে সিদ্ধান্ত নিন কোন ধরনের ঘড়ি পরবেন। ব্রেসলেট, বেল্ট নাকি মেটাল চেইন। 

fashionস্টেটমেন্ট জুয়েলারি 

স্টেটমেন্ট জুয়েলারি বলতে বোঝায় সে সকল অলংকারের কথা যেগুলো শুধু নিজের সৌন্দর্যেই বিশেষ ভাবে আকর্ষণীয়। এ ধরনের গহনাকে প্রাধান্য দিয়ে সম্পন্ন করা হয় সাজ-পোশাক। সাধারণত আকারে খানিকটা বড় হয়ে থাকে এই অলংকারগুলো। ফ্যাশন ক্যালেন্ডারে এবার দেখা যাচ্ছে নেকলেসের ক্ষেত্রে গহনার এ বিশেষত্ব বেশ মন কেড়েছে ফ্যাশন সচেতনদের। এর সঙ্গে সঙ্গে হাতে ব্রেসলেট বেছে নেয়ার  ক্ষেত্রেও স্টেটমেন্ট জুয়েলারির জয় জয়কার। 

কানের দুল হিসেবে স্টেটমেন্ট জুয়েলারি বিশেষ একটি ভূমিকা রাখে। বেছে নিতে পারেন স্টেটমেন্ট ইয়ার রিং। নানান নজরকাড়া নকশার মধ্য থেকে নান্দনিক একটি বাছাই করুন। কিছু নকশা চিরন্তন। যুগের পর যুগেও হারিয়ে যায় না। স্টেটমেন্ট জুয়েলারির ক্ষেত্রে এমন ধরনের নকশা বেছে নিন।   

হাত ব্যাগ 

বাইরে এক পা রাখলেই সঙ্গে চাই হাত ব্যাগ। ব্যাগের নানান ধরনের মাঝে কোনটি রেখে কোনটি বেছে নিবেন? ক্রস বডি ব্যাগের জনপ্রিয়তা দীর্ঘদিনের। বলা যায় ‘ইন-ট্রেন্ডে’র দুনিয়াতে এটি টাইমলেস। এর কারণ এটি একই সঙ্গে আকর্ষণীয় এবং ব্যবহারের ক্ষেত্রে সুবিধাজনক। দেহের সঙ্গে সুন্দর ভাবে বহন করা যায় বলে বাড়তি ঝক্কি একদম নেই। 

fashion

প্রয়োজনীয় সকল কিছু এক সঙ্গে নিয়ে নিতে চাইলে চিরচেনা বাগুতিতে রাখতে পারেন ভরসা। ক্ল্যাসিক এই ব্যাগটি আপনার প্রয়োজন মেটানোর পাশাপাশি বেশ ফ্যাশনেবেল। এ ধরনের বড় আকারের ব্যাগ বেছে নেয়ার ক্ষেত্রে দেখে নিন ভেতরে পকেট আছে কি না। এখন অনেক ব্যাগের ভেতরেই পকেট দেয়া থাকে। এতে আপনি প্রয়োজনীয় সকল কিছু গুছিয়ে নিতে পারবেন। 

নিত্যদিনের ব্যগের বাইরে আপনার দরকার হতে পারে ক্লাচ। ছোট্ট-হ্যান্ডি ক্লাচ পার্টিতে আপনার বিশ্বস্ত সঙ্গীর মতো পাশে থাকবে। নান্দনিক সৌন্দর্য যেমন মুগ্ধতা ছড়াবে, তেমনি দাওয়াতের স্বল্প সময়ে প্রয়োজনীয় সকল কিছু বহন করতে পারবেন নিশ্চিন্তে। কালো, সোনালি আর রুপালি–এই তিন রঙের তিনটি ক্লাচ রাখুন সংগ্রহে। তাহলে যে কোন রঙ পোশাকের সঙ্গে মানিয়ে যাবে। 

এজেড