লাইফস্টাইল ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম
বিটরুট বলতেই চোখের সামনে গাঢ় লাল বা বেগুনি রঙের একটি সবজি ভেসে ওঠে। এই সবজি কাটতে গেলেই হাত, রান্নায় দিলে পুরো তরকারি লালে লাল হয়ে যায়।
এমনকি লাল বিটরুট খেলে অনেকের প্রস্রাবের রঙও লালচে হয় যায়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘বিটুরিয়া’ বলে। প্রথমবার এমনটি দেখলে যে কেউই ঘাবড়ে যেতে পারে।

তবে প্রকৃতিতে লাল রঙ ছাড়াও যে সোনালি হলুদ, ধবধবে সাদা এবং লাল-সাদা ডোরাকাটা বাহারি সব জাতের বিটরুট রয়েছে তা আপনি জানেন কি? স্বাদ, রঙ এবং গুণে অনন্য বিটরুটের এই ব্যতিক্রমী জাতগুলো নিয়েই আজকের প্রতিবেদন।
সোনালি হলুদ বিটরুট
বাইরে থেকে দেখতে কমলা-হলুদ, তবে ভেতরে তার উজ্জ্বল সোনালি রঙ! এই বিটরুট দেখতে যেমন সুন্দর, স্বাদেও মিষ্টি। সাধারণ লাল বিটরুটে মাটির মতো তীব্র গন্ধটি সোনালি বিটরুটে প্রায় থাকে না। তাই, যারা বিটরুটের এমন মেটে গন্ধ পছন্দ করেন না তাদের জন্য এই সোনালী বিটরুট বিকল্প হিসেবে দারুণ।
এই বিটরুটের সবচেয়ে বড় সুবিধা, এটি কাটলে হাত লাল হওয়ার বা দাগ পড়ার চিন্তা থাকে না। এমনকি ‘বিটুরিয়া’ বা লাল প্রস্রাব হওয়ারও ভয় নেই।
সাদা বিটরুট
অনেকটা শালগম বা মুলার মতো দেখতে এই বিটরুট আসলে একটি প্রাচীন ও বিরল জাত। এতে লাল রঞ্জক পদার্থ ‘বিটালাইন’ একেবারেই অনুপস্থিত বলে এর রঙ সাদা হয়। রঙহীন হওয়ায় রান্না বা সালাদে এর ব্যবহার ব্যাপক।
কেননা, লাল বিটরুটের মতো এটি অন্যান্য উপাদানের রঙ পরিবর্তন করে ফেলে না। এছাড়া, স্বাদের দিক থেকে সাদা বিটরুট অন্যান্য সব জাতের চেয়ে অনেক বেশি মিষ্টি এবং মোলায়েম হয়।

আরও পড়ুন: ত্বকের যত্নে বিটরুট, ব্যবহারের উপায় জানুন
লাল-সাদা ডোরাকাটা বিটরুট
ইতালির কিওগিয়া শহরের নামে নামকরণ এই বিটরুটের নামকরণ করা হয়েছে। দেখতে সবচেয়ে আকর্ষণীয় লাল-সাদা ডোরাকাটা বিটরুট। বাইরে থেকে দেখতে এটি লাল বিটরুটের মতো। তবে এটি কাটলেই ভেতরের গোলাপি-লাল ও সাদা রঙের চমৎকার বৃত্তাকার নকশা মন ছুঁয়ে যায়।
এই বিটরুট দেখতে হুবহু ক্যান্ডির মতো হওয়ায় একে ‘ক্যান্ডি স্ট্রাইপ বিট’ও বলা হয়। খাবারের প্লেট সাজাতে বা সালাদের সৌন্দর্য বাড়াতে বিশ্বের বড় বড় শেফদের কাছে এই বিটের বেশ কদর রয়েছে।
আরও পড়ুন: বিট খেলে কী হয়, কাদের খাওয়া মানা?
তবে অতিরিক্ত সেদ্ধ করলে এই বিটরুটের ভেতরের সুন্দর নকশা ফিকে হয়ে যায়। তাই, এটি মূলত পাতলা স্লাইস করে কাঁচা সালাদে খাওয়া হয়।
রঙের মতো এসব বিটরুটের পুষ্টিগুণও কি আলাদা?
প্রাকৃতিক রঞ্জক পদার্থের কারণে বিটরুটের রঙে এই বৈচিত্র্য দেখা যায়। লাল বিটে ‘বিটাসায়ানিন’, হলুদ বিটে ‘বিটাজ্যান্থিন’ থাকে। আর সাদা বিটে এই রঞ্জকগুলো না থাকায় এটি রঙহীন বা সাদা।

তবে রঙ ভিন্ন হলেও পুষ্টিগুণের দিক থেকে সব জাতের বিটরুটই প্রায় সমান। সবগুলোতেই প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার, পটাশিয়াম, ফোলেট এবং প্রাকৃতিক নাইট্রেট রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ও হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে।
এএ