Dhaka Mail Logo

লাইফস্টাইল

শীতকালে পিরিয়ডের ব্যথা বাড়ে কেন, করণীয়?

লাইফস্টাইল ডেস্ক

২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

সারাবছর পিরিয়ডের সমস্যা থাকলেও শীতকালে এর মাত্রা বেড়ে যায়। এসময় অনেকেরই পেটে খিঁচুনি, কোমর ও জরায়ুতে ব্যথা এবং অস্বস্তিভাব হয়। তবে এর জন্য ঠান্ডা আবহাওয়া সরাসরি দায়ী নয়। শীতকালে মানুষের জীবনযাপন ও পরিবেশগত কিছু পরিবর্তনের কারণে অনেকের পিরিয়ডের যন্ত্রণা বেড়ে যায়। চলুন জেনে নিই সেসব কারণগুলো।

চিকিৎসাবিজ্ঞানে পিরিয়ডের ব্যথাকে ‘ডিসমেনোরিয়া’ বলে। পিরিয়ডের সময় প্রোস্টাগ্ল্যান্ডিন নামক হরমোনের প্রভাবে জরায়ুর সংকোচন হলে খিঁচুনি, কোমর ও জরায়ুতে ব্যথা হয়। শীতে ব্যথা বাড়ার পেছনের মূলত ডেসব কারণ রয়েছে-

Picture

মাংসপেশী শক্ত হয়ে যাওয়া: শীতকালে ঠান্ডায় শরীরের মাংসপেশী সংকুচিত ও শক্ত হয়ে যায়। ফলে তলপেট এবং কোমরের ব্যথা অন্য সময়ের তুলনায় আরও প্রকট হয়ে ওঠে।

শারীরিক নিষ্ক্রিয়তা/আলসেমি: শীতে স্বাভাবিকভাবেই মানুষের কর্মক্ষমতা হ্রাস পায়, আলস্যে বাড়ে। ফলে অনেকেই সারাদিন বিছানায় পড়ে থাকেন বা ঘরের ভেতরে বেশি সময় কাটান। অনেকে বাইরে স্বাভাবিক হাঁটাচলা বা ব্যায়াম করাও কমিয়ে দেন। ফলে আমাদের শরীরে রক্ত সঞ্চালন কমে সংকুচিত পেশিতে ব্যথা আরও বেড়ে যায়।

পানিশূন্যতা: শীতকালে আমাদের অন্যান্য সময়ের তুলনায় অনেক কম তৃষ্ণা লাগে। তাই পানি পানের পরিমাণও কমে যায়। ফলে শরীরে পর্যাপ্ত পানির অভাবে কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপার মতো সমস্যা দেখা দেয়, যা পিরিয়ডের সময়কার অস্বস্তিকে বহুগুণে বাড়িয়ে তুলে।

Picture

খাদ্যাভ্যাসের পরিবর্তন: শীতে ভাজাপোড়া, মিষ্টি ও উচ্চ-ক্যালোরিযুক্ত খাবার বেশি খাওয়ার ফলে হজমে ব্যাঘাত ঘটে। আর এতে পেটে গ্যাস হয় এবং অস্বস্তিকর অনুভূতি তৈরি করে।

ঘুম ও মানসিক চাপ: শীতকালে দিনের আলো কমে যাওয়ায় আমাদের দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আসে। প্রাত্যহিক রুটিনে পরিবর্তন ঘুমে ব্যাঘাত ঘটায়, যা আমাদের ব্যথা সহ্য করার ক্ষমতা কমিয়ে দেয়।

ব্যথা থেকে স্বস্তি পেতে করণীয়

শীতের এই অস্বস্তি এড়াতে শরীর উষ্ণ রাখতে হবে। ব্যথা বেড়ে গেলে তলপেটে গরম পানির সেঁক দিতে পারেন।

Picture

তৃষ্ণা না লাগলেও প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে।

ভাজাপোড়া খাবার এড়িয়ে খাদ্যতালিকায় ফল, শাকসবজি ও বাদাম রাখুন।

নিয়মিত ঘুমের অভ্যাস বজায় রাখুন। 

হালকা হাঁটাহাঁটি বা স্ট্রেচিং করুন। এতে রক্ত সঞ্চালন স্বাভাবিক এবং ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

এএ