ফিচার প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম
ক্যালেন্ডারের পাতায় আজ আজ ২০ নভেম্বর, ৫ অগ্রহায়ণ। গতকাল থেকেই ঢাকাসহ বাংলাদেশ জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দেশের কোথাও কোথাও ভারি বর্ষণও হচ্ছে। মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে এই বৃষ্টির সূচনা। বৃষ্টির উপলক্ষ যাই হোক, বাঙালিদের মতো নভেম্বর মাসের এই বৃষ্টি নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নভেম্বরের বৃষ্টি নামলেই অনেকের মনে পড়ে যায় নভেম্বর রেইন শব্দযুগল। কিন্তু নভেম্বর রেইন কি শুধু নভেম্বর মাসের বৃষ্টি, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আরও গভীর কোনো গল্প ও অনুভূতি। বৃষ্টির ছোঁয়া পেলেই কৌতূহলী মনে প্রশ্ন জাগে, নভেম্বর রেইন আসলে কী।

নভেম্বর রেইন মূলত একটি বিখ্যাত গান, যা ঘিরে মানুষের রয়েছে নানা আগ্রহ ও আবেগ। মার্কিন রক ব্যান্ড গানস অ্যান্ড রোজেসের কালজয়ী গান নভেম্বর রেইন থেকেই এই শব্দযুগল এসেছে। ব্যান্ডের কণ্ঠশিল্পী অ্যাক্সেল রোজ গানটি লিখেছিলেন, যা প্রায় নয় মিনিটের একটি রক ব্যালাড। ১৯৮৩ সাল থেকে তিনি গানটি লেখা শুরু করেন এবং ১৯৯১ সালের ১৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ইউজ ইয়োর ইলিউশন ওয়ান অ্যালবামের পর গানটি ব্যাপক পরিচিতি পায়, যদিও গানটি প্রকাশিত হয়েছিল ১৯৯২ সালে।
এই গানের জনপ্রিয়তায় বড় ভূমিকা রেখেছিল এর সংগীতচিত্র। প্রায় ১.৫ মিলিয়ন মার্কিন ডলার খরচে নির্মিত সংগীতচিত্রটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সংগীতচিত্রগুলোর একটি হিসেবে পরিচিত। গানের কথায় রয়েছে অন্ধকারকে উপেক্ষা করে পথ খুঁজে নেওয়ার বার্তা, যেখানে বলা হয়েছে কোনো কিছুই চিরকাল থাকে না, এমনকি শীতল নভেম্বর রেইনও নয়।

বাংলাদেশে নভেম্বর মাস সাধারণত শুষ্ক ও শীতের শুরুর সময় হিসেবে পরিচিত। তবে আবহাওয়ার কারণে বিশেষ করে সাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রভাবে এ মাসে বৃষ্টি হয়। অসময়ের বা বিরল এই বৃষ্টি অনেকের কাছেই ব্যতিক্রমী মনে হয়। আর নভেম্বর মাস শুরু হলে কিংবা বৃষ্টি নামলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গান, গানের কথা ও বৃষ্টি নিয়ে পোস্ট বা রিলস ভাগ করে নেওয়ার প্রবণতা দেখা যায়।
নভেম্বরের এই বৃষ্টিকে অনেকে শীতের আগমনী বার্তা হিসেবেও দেখেন। এর সঙ্গে গরম চা, খিচুড়ি বা শীতের আমেজের অনুভূতি যুক্ত হয়, আর এই বৃষ্টির পর থেকেই শীতের প্রকৃত শুরু ধরা হয়। সে কারণেই শীতের আগমনী বার্তায় নভেম্বর রেইন শব্দটি বেশ পরিচিত হয়ে উঠেছে।

নভেম্বর রেইন শব্দটি কেবল একটি গানেই সীমাবদ্ধ নেই, বরং এটি সংস্কৃতি ও জনজীবনের নানা অনুষঙ্গে জায়গা করে নিয়েছে। লেখক আবুল কালাম আজাদ এবং কৌশিক সামন্ত তাদের বইয়ের নাম রেখেছেন নভেম্বর রেইন। পাশাপাশি এই নামে নির্মিত হয়েছে একাধিক সিনেমা ও টেলিভিশন নাটক, এমনকি কেউ কেউ ক্যাফে বা রেস্তোরাঁর নামও রেখেছেন নভেম্বর রেইন।
আরও পড়ুন: বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান
সব মিলিয়ে এই শব্দটি এখন আবেগ, স্মৃতি ও অনুভূতির সঙ্গে মিশে গেছে। সীমানা পেরিয়ে মানুষের আনন্দ ও বিষাদের অনুষঙ্গ হয়ে ওঠা নভেম্বর রেইন তাই বৃষ্টির কোমল পরশে হৃদয়কে শীতল করে তোলে।
এজেড