Dhaka Mail Logo

লাইফস্টাইল

তারের মাজুনির ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি: বিকল্প পদ্ধতিগুলো জানেন তো?

লাইফস্টাইল ডেস্ক

০৯ নভেম্বর ২০২৬, ০১:৩২ পিএম

তেলচিটে বা পোড়া হাঁড়িপাতিল পরিষ্কার করতে স্টিলের তারের মাজুনি ব্যবহার করেন অনেকে। তবে সম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এই মাজুনি ব্যবহারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি রয়েছে। গবেষকরা জানান, তারের  মাজুনি দিয়ে ঘষে ঘষে হাঁড়িপাতিল পরিষ্কারের সময় পাতিলে দাগ পড়ে যায় এবং সেখানে মাজুনির ক্ষুদ্রতম কণাগুলো আটকে থাকে। পাতিলে থাকা এসব কণা রান্নার সময় খাবারের সঙ্গে মিশে আমাদের পেটে চলে যায় এবং মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তাই আজকের এই প্রতিবেদনে তারের মাজুনির বিকল্প হিসেবে হাঁড়িপাতিল পরিষ্কারের বৈজ্ঞানিক ও কার্যকরী কিছু ঘরোয়া পদ্ধতি জেনে নিন-

তারের মাজুনি ব্যবহারের যেসব ক্ষতি হয়

Picture

খাবারে ধাতব কণার প্রবেশ: তারের মাজুনি দিয়ে ঘষে ঘষে পাতিল পরিষ্কারের সময় এর সূক্ষ্ম ধাতব কণা বা টুকরো ভেঙে পাত্রের গায়ে আটকে থাকে। রান্নার সময় বিষাক্ত এই কণাগুলো খাবারের সঙ্গে মিশে যায়। এই কণা খাবারের  সঙ্গে পেটে চলে যায়। এতে দীর্ঘমেয়াদে পরিপাকতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে।

প্রোটেক্টিভ লেয়ার নষ্ট হওয়া: তারের মাজুনি দিয়ে নন-স্টিক বা অ্যালুমিনিয়ামের পাত্র পরিষ্কার করলে এর ভেতরের সুরক্ষামূলক রাসায়নিক স্তর -টেক্সচার বা টেফলন কোটিং নষ্ট হয়ে যায়। কোটিং নষ্ট হয়ে যাওয়া এসব পাত্রে রান্না করা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

Picture

স্ক্র্যাচ ও ব্যাকটেরিয়ার বাসা: নিয়মিত তারের মাজুনি দিয়ে ঘষাঘষির কারণে পাত্রের গায়ে অসংখ্য ক্ষুদ্র স্ক্র্যাচ বা দাগ পড়তে দেখা যায়। এসব খাঁজের ভেতরে রান্নার তেল ও খাবারের কণা জমে ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মায়, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

বিভিন্ন ধরনের পাত্র পরিষ্কারের ঘরোয়া উপায়

নন-স্টিক ও স্টেইনলেস স্টিলের পাত্র: এই ধরনের পাত্র পরিষ্কার করতে তাতে সমপরিমাণ পানি ও সাদা ভিনেগার নিন। এই মিশ্রণ চুলায় মাঝারি আঁচে ১০ মিনিট ফুটিয়ে নিন। এরপর পানিটি ফেলে দিন। একটি সাধারণ সুতি কাপড় দিয়ে আলতো করে পাত্রটি মুছে নিলেই সেটি চকচকে হবে।

Picture

ভিনেগার থাকা অ্যাসিটিক অ্যাসিড পাত্রের পোড়া কার্বনের বন্ধন ভেঙে দেয়। ফলে দাগটি পানিতে ভেসে উঠে।

অ্যালুমিনিয়াম ও কাচের পাত্র: বেকিং সোডা ও হাইড্রোজেন পারক্সাইড পেস্ট অ্যালুমিনিয়ামের কালচে দাগ দূর করতে সহায়ত। প্রথমে দাগের ওপর পর্যাপ্ত পরিমাণে বেকিং সোডা ছিটিয়ে দিন। এরপর সেটিতে সামান্য হাইড্রোজেন পারক্সাইড ঢেলে নিন। একটি ঘন পেস্ট বানিয়ে পাত্রটিতে মেখে ১০ মিনিট রেখে দিন।

আরও পড়ুন: হাড়ি-পাতিলের পোড়া দাগ তোলার কৌশল জানুন

এই সময়ের মধ্যে বেকিং সোডার মৃদু ক্ষার এবং পারক্সাইডের অক্সিডাইজিং বিক্রিয়ায় পাত্রের কঠিন ও জেদি দাগ নরম হয়ে আসবে। এরপর একটি নরম স্পঞ্জ দিয়ে পাত্রটি মুছে পানি দিয়ে পরিষ্কার করে নিন।

Picture

লোহার কড়াই বা প্যান: তারের মাজুনি দিয়ে পরিষ্কার করলে এই ধরণের পাত্রে দ্রুত মরিচা পড়ে যায়। তাই বিকল্প হিসেবে আলু ও লবণ ব্যবহার করতে পারেন। প্রথমে কড়াইয়ের ওপর সামান্য মোটা দানার লবণ ছিটিয়ে দিন। একটি আস্ত আলুকে মাঝখান থেকে কেটে নিন। এবার এই কাটা আলুটি লবণের ওপর চেপে ধরে পাত্রটিকে বৃত্তাকারে ঘষে ঘষে মেজে নিন। এই পদ্ধতি ব্যবহার করলে সাবান ও স্ক্রাবার ছাড়াই পাত্রটি ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে।

আরও পড়ুন: লোহার কড়াই চকচকে করার গোপন উপায় 

কপার বা তামার পাত্র: কপার বা পিতলের পাত্রে তারের মাজুনি দিয়ে পরিষ্কার করলে সেটি ঝকঝকে হয় ঠিকই। তবে পাত্রে স্ক্র্যাচ বা দাগ পড়ে এর আসল সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এর বিকল্প হলো টমেটো কেচাপ পদ্ধতি। পাত্রের গায়ে টমেটো কেচাপ বা সস মেখে ৩০ মিনিট রেখে দিন। এরপর সেটি পানি দিয়ে পরিষ্কার করে নিন।

Picture

টমেটোর প্রাকৃতিক অ্যাসিড অক্সিডেশনের স্তরকে গলিয়ে ফেলায় কোনো প্রকার ঘষামাজা ছাড়াই তামার পাত্রটি নতুনের মতো চকচকে হয়ে যায়।

কাস্ট আয়রন পাত্র: কাস্ট আয়রনের পাত্রে তারের মাজুনি ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষেধ। কেননা, এই মাজুনি পাত্রের সিজনিং বা তেলের সুরক্ষামূলক স্তর তুলে ফেলে। তাই কাস্ট আইরনের পাত্র পরিষ্কারে ক্ষেত্রে এতে শুধু গরম পানি এবং সাধারণ লবণ ব্যবহার করুন। পাত্রে মিশ্রণটি ঢেলে একটি নরম কাপড় দিয়ে সেটি আলতো করে ঘষে পরিষ্কার করুন। এটি সবচেয়ে নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতি।

Picture

টিপস

ঘরোয়া উপায়ে পাত্র পরিষ্কারের পর পরই সেগুলো শুকনো কাপড় দিয়ে মুছে বাতাসে শুকিয়ে নিতে হবে। বিশেষ করে লোহা, কাস্ট আয়রন বা স্টিলের পাত্র ভেজা অবস্থায় রেখে দিলে পুনরায় পানির দাগ বা মরিচা পড়ার ঝুঁকি থাকে। তাই সংরক্ষণের আগে পাত্রগুলো ভালোভাবে শুকিয়ে নিন।

এএ