লাইফস্টাইল প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৬, ১০:১৮ এএম
দুর্গাপূজার কেনাকাটা মানেই একসময় ছিল সপরিবারে মার্কেট থেকে মার্কেটে ঘুরে জামাকাপড় কেনা ও আড্ডা। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে ডিজিটাল যুগে অনলাইন শপিং যোগ করেছে নতুন মাত্রা। দোকানে গিয়ে কেনার পাশাপাশি ঘরে বসেই অনলাইনে সেরে নেওয়া যাচ্ছে পূজার বড় অংশের শপিং। ই-কমার্স প্ল্যাটফর্ম ‘দারাজ’-এর এবারের পূজার কনফার্মড অর্ডারের তথ্যে উঠে এসেছে কেনাকাটার এই বদল ও ক্রেতাদের পছন্দের নানামুখী চিত্র।
নারীদের পছন্দে এগিয়ে শাড়ি ও কম্বো সেট
দারাজের তথ্য অনুযায়ী, পূজার মোট ফ্যাশন অর্ডারের প্রায় ৭৭ শতাংশই এসেছে নারীদের পোশাক থেকে। বরাবরের মতোই নারীদের পছন্দের শীর্ষে রয়েছে শাড়ি। হাফ সিল্ক, সেমি-মসলিন, জামদানি, তাঁত ও সফট কাতানের চাহিদা থাকলেও সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘হাফ সিল্ক প্রিন্ট’-এর শাড়ি—যা নারীদের অর্ডারের প্রায় ৩২ শতাংশ।
এছাড়া পূজার ঐতিহ্যবাহী লাল-সাদা শাড়ির কম্বো সেট দখল করেছে ১৭ শতাংশ। শাড়ির পাশাপাশি ম্যাচিং চুড়ি, গাজরা, হার ও আয়নার মতো একসেসরিজসহ কম্বো ও গিফট সেটের চাহিদা ছিল ৩১ শতাংশ, যা নির্দেশ করে যে ক্রেতারা আলাদা আলাদা না কিনে পুরো লুক একসাথেই সাজিয়ে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

পুরুষদের পছন্দে সাদা পাঞ্জাবি ও বাবা-ছেলের ম্যাচিং থিম
পুরুষদের পোশাকের ক্ষেত্রে সিংহভাগ জায়গা জুড়ে রয়েছে প্রিমিয়াম সাদা পাঞ্জাবি। পুরুষদের কনফার্মড অর্ডারের প্রায় ৬১ শতাংশই প্রিমিয়াম সাদা পাঞ্জাবির। এর সাথে নতুন ট্রেন্ড হিসেবে যুক্ত হয়েছে ‘বাবা-ছেলে’ একই নকশার ম্যাচিং পাঞ্জাবি, যার হার প্রায় ২৭ শতাংশ। সব মিলিয়ে পুরুষদের পোশাকের ৮৯ শতাংশই নিয়ন্ত্রণ করছে এই দুই ক্যাটাগরি। বাকি ক্যাটাগরিতে ছেলেশিশুদের পোশাকের মধ্যে কোটি, কুর্তা ও পাঞ্জাবি সেটের চাহিদা ছিল বেশি।
ট্রেডিশনাল ও আধুনিক মেকআপের ফিউশন
উৎসবের রূপচর্চা ও সাজগোজের কেনাকাটাতেও এসেছে দারুণ বৈচিত্র্য। দারাজের বিউটি ক্যাটাগরির তথ্যে দেখা যায়, ৩৩ শতাংশ অর্ডার এসেছে চোখের মেকআপের সামগ্রী (কাজল, আইলাইনার, আইশ্যাডো) থেকে। এর পাশাপাশি লিপস্টিক (২২%), মেহেদি/হেনা (২২%) এবং ঐতিহ্যবাহী আলতা (১১%) ব্যাপক স্থান দখল করেছে। অর্থাৎ আধুনিক মেকআপের পাশাপাশি ট্রেডিশনাল সাজ সামগ্রীতেও সমান ঝোঁক দেখা গেছে।

উৎসব ঘিরে ঘর সাজানোর প্রস্তুতি
পূজায় শুধু নিজেকে সাজানো নয়, অতিথি আপ্যায়ন ও বাড়ি সুন্দর করার প্রস্তুতিও ছিল চোখে পড়ার মতো। দারাজের হোম ও লাইফস্টাইল ক্যাটাগরির নির্বাচিত অর্ডারের ৪০ শতাংশজুড়ে ছিল আসবাবপত্র এবং ২০ শতাংশ ছিল ঘর সাজানোর নানা উপাদান। ডাইনিং টেবিল, টি-টেবিল, চেয়ার, আলমারি, কুশন এবং জুতার র্যাকের মতো দরকারি জিনিসগুলোর চাহিদা ছিল লক্ষণীয়।
আরও পড়ুন: জবির স্বরসতী পূজায় পৌরহিত্যে সমাদৃতা
কেনাকাটার মাধ্যমে আনন্দ ভাগাভাগির ধরন বদলে অনলাইনভিত্তিক হলেও উৎসবের মূল স্পিরিট রয়েছে আগের মতোই। নতুন শাড়ি, ঐতিহ্যবাহী পাঞ্জাবি, সাজগোজের অনুষঙ্গ ও ঘর সাজানোর প্রস্তুতির মেলবন্ধনে অনলাইনেই উৎসবের রঙ ছড়িয়ে পড়ছে প্রতিটি ঘরে।
এজেড