ফিচার ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ০১:১২ পিএম
আজ বিশ্ব ব্যর্থতা দিবস। দিনটি সেসব মানুষদের জন্য যারা জীবনের কোনো না কোনো পর্যায়ে ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার গ্লানি বয়ে বেড়াচ্ছেন নীরবে-নিভৃতে। তবে দিনটি শোক পালনের জন্য নয়, বরং ব্যর্থতার শিক্ষাকে কাজে লাগিয়ে নতুন করে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ের জন্য।
জীবনের প্রতিটি ধাপের করা প্রতিটি ভুলই আমাদের শেখার নতুন সুযোগ তৈরি করে দেয়। তাই হতাশ না হয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাই আজকের দিনের প্রতিপাদ্য।
ব্যর্থতায় ভরা আমাদের জীবন। ব্যক্তিগত, পারিপারিক, কর্মক্ষেত্র, সামাজিকভাবে জীবনের কোনো না কোনো ধাপে আমরা প্রত্যেকেই ব্যর্থ। সেসব ব্যর্থতা আমাদের তিলে তিলে গ্রাস করে ফেলে। একটা পর্যায়ে মানুষের মনে ব্যর্থতার ভয় ঢুকে যায়। সে আর চেষ্টাই করতে চায় না। এই ভয় দূর করতে, ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন করে পথ চলার অনুপ্রেরণা যোগাতে বিশ্বজুড়ে প্রতি বছর ব্যর্থতা দিবস পালিত হয়।
দিবসটির সূচনা যেভাবে
২০১০ সালে একদল শিক্ষার্থী প্রথম এই দিবসটি চালুর উদ্যোগ নেন। তারা ফিনল্যান্ডের আল্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তারা লক্ষ্য করেন, তরুণ প্রজন্মের মধ্যে ব্যর্থতার ভয় বেশি। তারা ব্যর্থ হওয়ার ভয়ে কোনো কাজ বা উদ্ভাবনী ব্যবসা শুরু করার সাহস পাচ্ছিলেন না। তাদের এই মানসিকতা বদলাতে এবং ব্যর্থতাকে জীবনের একটি স্বাভাবিক অভিজ্ঞতা হিসেবে সবার সামনে তুলে ধরতেই এই দিবসটির সূচনা হয়। পরবর্তীতে ২০১২ সালে দিবসটি আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি লাভ করে।
আরও পড়ুন: ব্যর্থতা কাটিয়ে সফল হওয়ার ৮ উপায়
ইতিহাসের সফল ব্যক্তিরা ব্যর্থতাকে যেভাবে দেখেছেন

ইতিহাসের সফল ব্যক্তিরা ব্যর্থতাকে ভয় পাননি, বরং সাফল্যের সিঁড়ি হিসেবেই দেখেছেন। ব্যর্থতা নিয়ে তাদের জীবনের অভিজ্ঞতা ও ভাবনা ছিল অন্য সবার থেকে আলাদা। মানুষ যেখানে ব্যর্থতাকে সবকিছুর শেষ হিসেবে দেখেন, তখন টমাস এডিসন ব্যর্থতাকে নতুন উপায় বলে মনে করতেন।
আরও পড়ুন: সফলতা নিয়ে ক্যাপশন ও উক্তি
"আমি ব্যর্থ হইনি। আমি কেবল ১০,০০০টি এমন উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না।" — টমাস এডিসন
হেনরি ফোর্ড ব্যর্থতাকে দ্বিতীয় সুযোগ হিসেবে দেখেছেন। তিনি বলেন, "ব্যর্থতা হলো আবার নতুন করে শুরু করার একটি সুন্দর সুযোগ, তবে এবার আরও বুদ্ধিমত্তার সাথে।"
ব্যর্থতার সংজ্ঞা দিতে যেয়ে উইনস্টন চার্চিল সাফল্য যে গন্তব্য নয় সেটিকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, “সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মানেই ধ্বংস নয়; কাজ চালিয়ে যাওয়ার সাহসটাই আসল।”
আপনার করা ভুলগুলো মূলত আপনার চেষ্টারই উদাহরণ। ভুল তারই হয় যিনি থেমে না গিয়ে চেষ্টা করে চলেছেন। ভুল থেকে শেখার মনোভাবই আপনাকে জীবনে এগিয়ে নেবে।

ভুল থেকে শেখার গুরুত্ব
পৃথিবীর সফল মানুষেরা চাওয়া মাত্রই সফল হয়ে যাননি। ক্যারিয়ারের শুরুতে অসংখ্যবার হোঁচট খেয়েছেন তারা। ব্যর্থতা মূলত মানুষের কাজের ভেতরের ভুল ও দুর্বলতাগুলো চিনতে সাহায্য করে। এতে একজন মানুষ নতুন অভিজ্ঞতার সঞ্চার করে আরও নিখুঁত উপায়ে কাজটি শুরু করতে পারেন। ব্যর্থতা ছাড়া প্রকৃত সফলতা অর্জন প্রায় অসম্ভব।

ভয়কে জয় করার বার্তা
সমাজে সফলতাকেই শুধু বড় করে দেখা হয়, উদযাপন করা হয় জয়ীদের। তাই ব্যর্থতা সাধারণ মানুষের মনে এক ধরনের সামাজিক চাপ, হীনমন্যতা ও আতঙ্ক তৈরি করে।
এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয় যে, জীবনে কোনো কাজে সফল না হওয়া অপরাধ নয়। ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে দ্বিগুণ উদ্যমে চেষ্টা করাটাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত।
এএ