লাইফস্টাইল প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
গত মঙ্গলবার থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে পাকিস্তানি পণ্যের মেলা। ‘মেড ইন পাকিস্তান’ শীর্ষক এই আয়োজন বাংলাদেশে চতুর্থবারের মতো। আগামীকাল ২৬ সেপ্টেম্বর এবারের আসরের পর্দা নামবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে।
এই মেলায় পাকিস্তানি বস্ত্র, খাদ্য ও পানীয়, প্রসাধনী, হারবাল ও ওয়েলনেস পণ্য, হস্তশিল্প এবং ফ্যাশন সামগ্রী প্রদর্শন করছে দেশটির শতাধিক প্রতিষ্ঠান।

মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধন করেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
এ সময় পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।
তিনি জানান, বাংলাদেশে পাকিস্তানের বেশ কয়েকটি ফ্যাশন আউটলেট চালু হওয়া, প্রয়োজনীয় পণ্যের বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রফতানির জন্য কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়া-দু’দশের বাণিজ্যিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির উদাহরণ।

বাণিজ্য বাধা দূর করে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তুলতে দুই দেশের ব্যবসায়ীরা পাকিস্তান হাইকমিশন ও ইপিবির কাছে নীতিগত প্রস্তাব দিতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: ঢাকায় অবকাশ যাপনে নতুন সংযোজন, আগারগাঁওয়ে চালু হলো ‘অ্যাকুরিয়াম পার্ক’
ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তানে অনুষ্ঠেয় আগামী বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেবেন বলে জানান।

মঙ্গলবার মেলার শুরুর দিন থেকেই প্রদর্শনীতে ঢু মারছেন নগরের অনেকেই। তারা পরিবার-পরিজন নিয়ে স্টল ঘুরে ঘুরে পাকিস্তানি পণ্য দেখছেন। এবং কিনেও নিচ্ছেন।
প্রদর্শনীতে পাকিস্তানি বিভিন্ন কোম্পানি, ব্র্যান্ড ও উদ্যোক্তাদের পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।
এজেড