লাইফস্টাইল ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ১১:২৫ এএম
ডিজিটাল এই যুগে বইয়ের সঙ্গে মানুষের দূরত্ব ক্রমশ বাড়ছে। আলসে দুপুরে কিংবা কাজের ফাঁকে বইয়ের পৃষ্ঠা উল্টানোর সে দিনগুলো যেন কোথায় হারিয়ে গেছে। তবুও শত ব্যস্ততার ফাঁকে একটু সময় বের করে বই পড়া উচিত। বিশেষত বর্ষণমুখর দিনে। কেন? চলুন জেনে নিই-
বই পড়া শুধু বিনোদন নয়, এটি মনকে প্রশান্ত করে এবং চিন্তার জগতকে সমৃদ্ধ করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত বই পড়া মনোযোগ বাড়াতে, মানসিক চাপ কমাতে এবং ভাষাগত দক্ষতা উন্নত করতে সাহায্য করে। বৃষ্টির একটানা শব্দ আমাদের মনকে অদ্ভুত এক শান্তিতে ভরিয়ে দেয়।

বিজ্ঞান বলে, এই ধরনের প্রাকৃতিক শব্দ আমাদের মনোযোগ বাড়াতে সাহায্য করে। প্রতিদিনের ডিজিটাল জীবনের কোলাহল, স্মার্টফোনের স্ক্রিন আর সামাজিক মাধ্যমের ব্যস্ততা থেকে দূরে গিয়ে বৃষ্টির দিনে বইয়ের গল্পে হারিয়ে যাওয়া অনেক সহজ। মনের ভেতরে তখন অন্যরকম এক প্রশান্তি কাজ করে। মনে হয় যেন গল্পের চরিত্রগুলো আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে। এটি এক ধরনের চমৎকার ডিজিটাল ডিটক্স হিসেবেও কাজ করে।
এছাড়া বই পড়ার মাধ্যমে নতুন ধারণা, সংস্কৃতি ও অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়া যায়। একটি ভালো বই পাঠককে কখনো গ্রামীণ বাংলায়, কখনো অরণ্যের গভীরে, আবার কখনো ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তে পৌঁছে দিতে পারে।

বইয়ের পাশাপাশি বৃষ্টির দিনে পড়ার পরিবেশটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। জানালার ধারের কোনো একটা আরামদায়ক চেয়ার বা বিছানার এক কোণায় নিজের জন্য একটা ছোট্ট জায়গা তৈরি করে নিতে পারেন। খুব বেশি আলোর প্রয়োজন নেই, হালকা কোনো ল্যাম্পের আলো বা দিনের স্নিগ্ধ আলোতেই তৈরি হয়ে যাবে আপনার দারুণ এক পড়ার পরিবেশ।
আমাদের প্রতিদিনের রুটিন অনেক বাঁধাধরা থাকে। সেখানে নিজের জন্য একটু সময় বের করা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু বর্ষার এই দিনগুলো যেন প্রকৃতি নিজেই আমাদের উপহার দেয় একটু বিশ্রাম নেওয়ার জন্য।

তাই পরের বার যখন আকাশ কালো করে বৃষ্টি নামবে, তখন আর শুধু শুয়ে বসে সময় না কাটিয়ে বা স্মার্টফোনে মুখ গুঁজে না থেকে একটা বই হাতে তুলে নিতে পারেন। সাথে থাকুক এক কাপ গরম চা বা কফি। দেখবেন, সময়টা কীভাবে যেন দারুণ একটা স্মৃতি হয়ে আপনার মনের পাতায় জমা হয়ে যাবে। বই পড়ার এই ছোট্ট অভ্যাসটি আপনার বৃষ্টির দিনগুলোকে আরও সুন্দর আর অর্থবহ করে তুলবে।
এনএম